২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু পাখির পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাই কোর্ট

চাঁদপুরে বিআইডব্লিউটিএর ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মারা যাওয়া শিশু আছমা আক্তার পাখির পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

ওই ঘটনায় বিবাদীদের ‘নিস্ক্রিয়তা, বর্থ্যতা ও অবহেলাকে’ কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ রোববার এই রুল এবং অন্তবর্তীকালীন আদেশ দেয়।

স্বরাষ্ট্র সচিব, নৌ পরিবহন সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (পোর্ট), চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুর সদর থানার ওসিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরবর্তী আদেশের জন্য বিষয়টি ৩০ অক্টোবর তালিকায় আসবে বলে জানিয়েছে আদালত।  

গত ২৩ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাটে টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে তিন বছর বয়সী পাখির মৃত্যু হয়। পরদিন বিভিন্ন সংবাদপত্রে আসা খবরে বলা হয়, বিআইডব্লিউটিএর গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।  

সেসব প্রতিবেদন যুক্ত করে চিল্ড্রেনস চ্যারেটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল হালিম গত ১২ মে এই রিট আবেদন করেন, যা রোববার শুনানির জন্য ওঠে।

রিট আবেদনকারী আবদুল হালিম নিজেই আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

হালিম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআইডব্লিউটিএর অধীনে দেশে যতগুলো সেপটিক ট্যাংক,  ট্যাংক বা কূপ জলাধার আছে, সেগুলো অরক্ষিত কি-না তার একটি তালিকা তৈরি করে ৩০ অক্টোবরের মধ্যে আদালতে দাখিল করতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও উপ-পরিচালককে (পোর্ট) নির্দেশ দিয়েছে আদালত। ওইদিন বিষয়টি পরবর্তী আদেশের জন্য তালিকায় আসবে।

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকার বিআইডব্লিউটিএর খোলা মাঠে প্রতিদিনই খেলাধুলা করে স্থানীয় শিশু-কিশোররা। ঘটনার দিন সকালে স্থানীয় আলমগীর হাওলাদারের তিন বছরের মেয়ে আছমা আক্তার পাখি বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে ওই মাঠে খেলতে যায়। কোনো এক সময় সবার অজান্তে সে মাঠের পাশে বিআইডব্লিউটিএর খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যারিস্টার আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি এসব প্রতিষ্ঠানের অবহেলার কারণে দেশে শিশু মৃত্যুসহ দুর্ঘটনা বাড়ছে। শিশু পাখির অনাকাঙ্খিত এই মৃত্যুর জন্য বিআইডব্লিউটিএর ব্যর্থতা স্পষ্ট।”

তিনি জানান, রিট আবেদন করার আগে সিসিবি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিআইডব্লিইটিএকে একটি উকিল নোটিস পাঠানো হয়েছিল। জবাবে বিআইডব্লিইটিএ জানায়, বিষয়টি তারা তদন্তু করছে।