উড়োজাহাজের জ্বালানি মূল্য কমানোর আশ্বাস মন্ত্রীর
উড়োজাহাজের জ্বালানির দাম কমানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দি বাংলাদেশ মনিটর এয়ারলাইন অফ দ্যা ইয়ার’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিমানের ফুয়েলের দাম নিয়ে অনেক কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে।
“এটা এরই মধ্যে আলোচনা হয়েছে। এতে বিমান কোম্পানিগুলো আরও লাভবান হবে।”
বিমানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে বিমান কোম্পানিগুলোও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
নিরাপত্তা সমস্যার কারণ দেখিয়ে শাহজালাল বিমানবন্দরে যুক্তরাজ্যের কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা ‘খুব দ্রুত’ উঠে যাবে আশা প্রকাশ করে মেনন বলেন, “অনেক কাজ হাতে রয়েছে, সেগুলো শেষ করতে হবে সফলভাবে।”
মন্ত্রী বলেন, “বাংলাদেশ বিমানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এটা সবাই জানি। শিডিউলে যে সমস্যা ছিল তার সত্তর ভাগ সফলভাবে সমাধান হয়েছে। পাশাপাশি মালামাল পরিবহনের জন্য বিমানের সঙ্গে অন্যান্যদের সংযুক্ত করার চেষ্টা চলছে।
“আমাদের লক্ষ্য রয়েছে, যেন বাংলাদেশকে এ অঞ্চলের হাব হিসেবে ব্যবহার করতে পারি।”
অনুষ্ঠানে ১৪টি ক্যাটাগরিতে বিভিন্ন বিমান কোম্পানিকে পুরস্কার দেওয়া হয়।
