২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ অংশীদারিত্বে গ্রাউন্ড হ্যান্ডেলিং: বিলম্বে অসন্তোষ সংসদীয় কমিটির

বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পরিচালনায় বিলম্ব হওয়ায় ‘অসন্তোষ’ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 11:44 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিশেষজ্ঞ না থাকায় বিলম্ব হচ্ছে বলে কমিটিকে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান বলেন, “গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে বিলম্ব হওয়ায় আমরা অসন্তোষ প্রকাশ করেছি। এখন সংশ্লিষ্টরা বলছে দরপত্র অনুযায়ী যেসব আবেদন পড়েছে সেগুলো থেকে কাকে কাজ দেওয়া যেতে পারে সে বিষয়ে পর্যালোচনার জন্য তাদের কাছে এক্সপার্ট নেই। আইএটিএ (এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক সংস্থা) থেকে এক্সপার্ট আনা যায় কীনা সেটা তারা ভাবছে।

“কমিটি বলেছে, যদি এক্সপার্ট দরকারই হয় তাহলে কেন এখন বলা হচ্ছে। ছয়মাস আগে বললেই তো হতো,” বলেন সাবেক বিমানমন্ত্রী ফারুক খান।

“এজন্যও আমরা অসন্তোষ প্রকাশ করেছি,” যোগ করেন তিনি।

গত বছরের অক্টোবরে বাংলাদেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনা ‘জয়েন্ট ভেঞ্চারে’ যাওয়ার কথা জানানো হয়। পরে এরজন্য দরপত্র আহ্বানও করা হয়।

দরপত্রে সাড়া দিয়ে ২০টি প্রতিষ্ঠান আবেদন করেছে বলেও জানান ফারুক খান।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন দেশীয় চারটি বিমান সংস্থার প্রায় ৫০টি ফ্লাইট ছাড়াও ১৮টি দেশের ২৫টি বিমান সংস্থার প্রায় ১০০ উড়োজাহাজ ওঠানামা করে।

বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মান নিশ্চিত করতে একাধিক প্রতিষ্ঠানকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হলেও বাংলাদেশে এ কাজ করে কেবল বিমান। কিন্তু প্রশিক্ষিত ও দক্ষ লোকবল এবং আধুনিক যন্ত্রপাতির অপ্রতুলতার কারণে বিদেশি এয়ারলাইনসগুলো একাধিক প্রতিষ্ঠানকে হ্যান্ডলিং এজেন্ট হিসাবে নিয়োগের দাবি জানিয়ে আসছে।

২০১৩ সালের জানুয়ারিতে বিমান কর্মচারীদের ধর্মঘটের কারণে দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল প্রায় ৫ ঘণ্টা অচল থাকার পর এ দাবি আরও জোরালো হয়ে ওঠে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সে সময় বিকল্প গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট নিয়োগের জন্য মন্ত্রণালয়কে চিঠিও দেয়।

এর আগে ২০০৬ সালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য একটি স্বতন্ত্র কোম্পানি গঠনের পরিকল্পনা করা হয়েছিল, যার ওপর বিমানের সরাসরি নিয়ন্ত্রণ থাকবে না। কিন্তু শেষ পর্যন্ত এর অনুমোদন মেলেনি।

বিমানের অর্থবিভাগের হিসাব অনুযায়ী, শুধু গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে ২০১২-১৩ অর্থবছরে বিমানের আয় ছিল প্রায় পাঁচশ কোটি টাকা।

গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা বিদেশি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে করতে বিলম্ব হওয়ার কারণ বিষয়ে ফারুক খান বলেন, “আসলে বিমান ও বেবিচক বুঝতে পারছে না তারা কী করবে। এই কারণেই বিলম্ব হচ্ছে।”

রূপসী বাংলার সংষ্কার কাজে দেরি হওয়ায় ক্ষোভ

এদিকে হোটেল রূপসী বাংলার সংস্কার কাজ শেষ করে নতুন করে চালু করতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

চলতি বছরের জানুয়ারিতে হোটেলটি চালু করার কথা ছিল।

কমিটির সভাপতি ফারুক খান বলেন, “কে বা কাদের জন্য বিলম্ব হচ্ছে তা মন্ত্রণালয়কে খুঁজে বের করতে বলা হয়েছে। দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়েরও কথাও বলেছে কমিটি।”

নতুন আঙ্গিকে শুরু করতে ২০১৪ সালে সেপ্টেম্বরে দেড় বছরের জন্য সংস্কার বিরতিতে যায় হোটেল রূপসী বাংলা। সেই সঙ্গে তিন দশক পর এর ব্যবস্থাপনার দায়িত্ব পায় ইন্টার কন্টিনেন্টাল।

পাঁচ দশকের পুরনো এ হোটেলটি আবারও ব্যবস্থাপনায় ফেরার জন্য ২০১২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সার্ভিসেসের সঙ্গে চুক্তি করে ইন্টার কন্টিনেন্টাল হোটেল গ্রুপ, যে গ্রুপটি ১৯৬৬ থেকে ১৯৮৩ পর্যন্ত এ হোটেলের ব্যবস্থাপনায় ছিল।

ইন্টার কন্টিনেন্টালের পর ব্যবস্থাপনার দায়িত্ব আসে আন্তর্জাতিক হোটেল সেবাদানকারী আরেক প্রতিষ্ঠান শেরাটন। প্রায় ২৮ বছর পর ২০১১ সালের এপ্রিলে শেরাটন চলে গেলে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্ব নেয়।

ওই সময় থেকে রূপসী বাংলা নাম নিয়ে শুরু হয় বাংলাদেশের নানা গুরুত্বপূর্ণ ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই হোটেল।

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এ হোটেলটি ১৯৮১ সালে সম্প্রসারণ এবং বিভিন্ন সময়ে কিছু কিছু সংস্কার হলেও আন্তর্জাতিক ফাইভ স্টার মানে তোলার জন্য বেশকিছুদিন ধরেই বৈশ্বিক হোটেল পরিচালন কোম্পানিগুলোর পক্ষ থেকে তাগাদা এসেছে। 

পুনরায় ৩০ বছরের জন্য ইন্টার কন্টিনেন্টালের সঙ্গে চুক্তিতে রূপসী বাংলার সংস্কার করে দেওয়ার শর্ত যুক্ত রয়েছে, যার ব্যয় বহন করতে হবে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডকে।

ফারুক খান বলেন, “মন্ত্রণালয় থেকে বলা হয়েছে নকশা নিয়ে কিছু জটিলতার কারনে নাকি দেরি হচ্ছে। নকশা নিয়েই যদি সমস্যা হয় তাহলে সেটা আগে কেন সমাধান হয়নি। শেষ সময়ে কেন এগুলো সামনে আসছে? চার মাস বিলম্ব হলো; এই চারমাস রানিং থাকলে যে ইনকাম হতো সেটা দায়দের কাছ থেকে আদায় করতে হবে।”

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান এবং সাবিহা নাহার বেগম অংশ নেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি বাংলাদেশ বিমান বন্দরগুলোরর যাএীসেবার মান উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং দেশের আর্থিক ক্ষতি নিরসনকল্পে জনবল নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সুপারিশ করে।