জামায়াত নিষিদ্ধের এখনই সময়: ইমরান
যুদ্ধাপরাধে দলীয়প্রধানের ফাঁসি হওয়ায় জামায়াতে ইসলামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকার চূড়ান্তভাবে শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে শাহবাগে মঞ্চের অবস্থান কর্মসূচিতে ইমরান বলেন, “সকল আদালতে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ার পর একাত্তরের ঘাতক মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে।
“একাত্তরে কুখ্যাত ছাত্রসংঘের সভাপতি এবং ঘাতক আলবদর বাহিনীর প্রধান নিজামীর মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে জামায়াতের এদেশে কোনোরকম রাজনৈতিক কার্যক্রম চালানোর অধিকার চূড়ান্তভাবে শেষ হয়ে গেছে।”
‘যুদ্ধাপরাধী দল’ হিসেবে এখনই জামায়াতকে নিষিদ্ধ করার উপযুক্ত সময় উল্লেখ করে ইমরান বলেন, “যে সংগঠনের সভাপতির মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, আমরা মনে করি সে সংগঠনের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। জামায়াত নিষিদ্ধের এখনই উপযুক্ত সময়।
“আমরা সরকারের কাছে দাবি জানাই, আর কালক্ষেপণ না করে অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হোক।”
শাহবাগে জাতীয় জাদুঘরে সামনে হরতালবিরোধী অবস্থান করা ছাড়া হরতালবিরোধী মিছিলও করে গণজাগরণ মঞ্চ।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে ২০১৩ সালের পর থেকে সংগ্রহ করা গণস্বাক্ষর সংসদে জমা দিলেও এখনও এ ব্যাপারে অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন মঞ্চের মুখপাত্র।
“এটা রাষ্ট্রের জন্য পরিষ্কার হুমকি। তাই এদেরকে আর কোনো ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে নিষিদ্ধ করুন।”
নিজামীর ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের প্রতিক্রিয়ার সমালোচনা করে ইমরান বলেন, “পাকিস্তানিদের মাতমই প্রমাণ করে, যুদ্ধাপরাধের বিচারে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত একদম সঠিক ছিল।
“নিজামীরা একাত্তরে পাকিস্তানের পক্ষে এদেশে নির্মম গণহত্যা চালিয়েছে, এটা পাকিস্তানের কান্নাকাটিতেই প্রমাণ হয়।”
অবস্থান কর্মসূচি ও সমাবেশ শেষে শাহবাগ থেকে বেলা ১২টার দিকে হরতালবিরোধী মিছিল বের হয়।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে ফের শাহবাগে গিয়ে শেষ হয়।
