নাশকতার ক্ষত নিয়ে জিপিএ-৫ পাওয়া অনিক-হৃদয়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বিএনপি-জামায়াতের আন্দোলনের মধ্যে বোমায় চোখের ক্ষতি নিয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ফেনীর মিনহাজুল ইসলাম অনিক এবং শাহরিয়ার হৃদয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন বৃহস্পতিবার সকালে টেলিফোনে অনিক ও হৃদয়ের সঙ্গে কথা বলে শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বৃহস্পতিবার) সকালে হৃদয় ও অনিক এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন ডা. জুলফিকার লেনিন।তিনি প্রধানমন্ত্রীর খুশি হওয়ার সংবাদ ও শুভেচ্ছা বার্তা তাদের কাছে পৌঁছে দেন।”
শুভেচ্ছা বার্তা পেয়ে অনিক ও হৃদয় আবেগাপ্লুত হন এবং তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানান তিনি।
২০১৫ সালেই এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র অনিক ও হৃদয়ের। বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মধ্যে ৫ জানুয়ারি কোচিং থেকে বাসায় ফেরার পথে বোমা হামলায় আহত হন তারা।
২০১৫ সালের ৫ জানুয়ারি বোমায় আহত অনিক ও হৃদয়
প্রথমে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এবং পরে ভারতের মাদ্রাজের শঙ্কর নেত্রালয়ে তিন দফায় চিকিৎসা করানো হয়।
বোমায় অনিকের ডান চোখ নষ্ট হয়ে গেছে। সেখানে কৃত্রিম চোখ লাগানো হলেও ওই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাননি তিনি। চিকিৎসার জন্য এ মাসেই আবার ভারতে যাবেন বলে জানান অনিক।
চিকিৎসার পর হৃদয় দুই চোখেই দেখতে পেলেও এখনও কিছুটা সমস্যা হয় বলে জানিয়েছেন তিনি।
