২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্প নিন প্রয়োজন বুঝে: প্রধানমন্ত্রী

অবকাঠামো উন্নয়নে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনের দিকে নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 02:15 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বৃহস্পতিবার ডিপ্লোমা প্রকৌশলীদের এক সম্মেলনে তিনি বলেন, “যখনই কোনো প্রকল্প নেওয়া হয়, প্রকল্পটা কী পরিমাণ প্রয়োজনীয় ওটাই যেন বিবেচ্য হয়।”

প্রধানমন্ত্রী বলেন, “প্রকল্প করার সময় একটা অনুরোধ করব যে, কোথায় কোন প্রকল্পটা সত্যিকারভাবে প্রয়োজন সেটাই করবেন। আর কতটুকু প্রয়োজন ওইটাও কিন্তু একটু মাথায় রাখবেন।”

অহেতুক অর্থ নষ্ট করার যৌক্তিকতা নেই মন্তব্য করে তিনি বলেন, ‘অকাজে অহেতুক’ অর্থ যেন অপব্যহার না হয় সে বিষয়টাও মনে রাখতে হবে।

প্রকল্প গ্রহণে কোন বিষয়টা মাথায় রাখা হচ্ছে তা নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়ও প্রশ্ন তুলেছিলেন বলে জানান শেখ হাসিনা।

“একনেক মিটিংয়ে একটা প্রশ্ন করেছিলাম যে, আমরা যখন প্রকল্প নেই তখন আমরা কোন চিন্তাটা মাথায় রাখি? দেশের সার্বিক উন্নয়ন? না প্রকল্প তৈরির মধ্য দিয়ে কিছু কমিশন খাওয়া? না কিছু অর্থ পাওয়া? কোনটা গুরুত্ব পায়?” 

উদাহরণ হিসেবে নিজের এলাকা গোপালগঞ্জের পাচুরিয়া খালের পাশে ‘প্রয়োজন’ না থাকলেও উঁচু বাঁধ দেওয়া এবং স্লুইস গেইট তৈরির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

যেসব প্রকল্পের কাজ চলছে সেগুলো ‘দ্রুত’ শেষ করার তাগাদা দেন তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ২১তম জাতীয় সম্মেলন ও ৩৯তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ জনসম্পদে রূপান্তর করাই তার সরকারের লক্ষ্য।

“জনসংখ্যাকে সংকট বলে মনে করি না। এটা সম্পদ।”

জনশক্তিকে দক্ষ করে তুলতে তার সরকারের সময় নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি জানান, সারাদেশে এক হাজার ৮০০টি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। সরকারি উদ্যোগে তিনটি মহিলা পলিটেকনিকসহ ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেসরকারি পর্যায়ে চারশ’রও বেশি পলিটেকনিক ইনস্টিটিউট করা হয়েছে।

সরকারি ৫১টি পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফট চালুর কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত এক লাখ শিক্ষার্থীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কোর্সে ভর্তি করার লক্ষ্যে দুই হাজার ৯০০ কোটি টাকার একটি প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে।

কারিগরি শিক্ষা প্রসারে বঙ্গবন্ধুর শাসনামলে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা উপযুক্ত ট্রেনিং ও শিক্ষা দিয়ে বিদেশে পাঠাতে চাই।”

শেখ হাসিনা বক্তব্যে তার সরকারের সময় বিভিন্ন খাতে উন্নয়নসহ সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর কথাও উল্লেখ করেন।

অন্যান্য কারিগরি পেশাজীবীদের মতো চাকরিতে নিয়োগের সময় ডিপ্লোমা প্রকৌশলীদেরও একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং প্ল্যানিং ডিজাইনে কর্মরতদের জন্য স্পেশাল ইনক্রিমেন্ট দিতে অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান তিনি।

“আমি আশা করছি অর্থ মন্ত্রণালয় খুব তাড়াতাড়িই এ বিষয়ে নির্দেশনা দেবে।”

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, “সব দিক থেকেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে তিনজনকে এ বছরের আইডিইবি কৃতী পদক দেন প্রধানমন্ত্রী।