২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভস্থ শিশুর লিঙ্গ জানানোর প্রচার সরকারি ওয়েবসাইটে!

গর্ভস্থ শিশুর লিঙ্গ পরিচয় জানার প্রক্রিয়া বাতলানোর প্রচার চালাতে দেখা গেছে সরকারি একটি ওয়েবসাইটে, যা সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 02:12 AM

Updated : 20 Aug 2022, 12:42 PM

নারী ভ্রূণ হত্যার শঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে গর্ভস্থ সন্তানের লিঙ্গ পরিচয় জানাতে উৎসাহ না দেওয়ার মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি স্ক্রল দেওয়া হয়।

‘সহজ পরীক্ষায় জেনে নিন সন্তান ছেলে হবে না মেয়ে? জেনে রাখুন কাজে লাগবে?’- এই স্ক্রলটিতে ক্লিক করলে একটি http://ans.bissoy.com/672/,  খুলছিল, যাতে অনাগত সন্তানের পরিচয় জানতে নানা ‘সহজ পদ্ধতির’ বর্ণনা ছিল।

বিষয়টি দেখার পর সমালোচনা উঠলে স্ক্রলটি সরিয়ে নেওয়া হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি ‘দুর্ভাগ্যজনক’।

বিষয়টি জানতেন না জানিয়ে তিনি বলেন, “আমি বিষয়টি শোনার পর সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলতে বলেছি।”

প্রতিবেশী দেশ ভারতে গর্ভস্থ শিশুর লিঙ্গ পরিচয় জানতে চাওয়াটা বেআইনি। তবে বাংলাদেশে তেমন কোনো আইন নেই।