এসএসসি: সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা নেই
ঘোষণা অনুযায়ী এবার প্রথমবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করেনি সরকার।
সেরা হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ‘অনৈতিক প্রতিযোগিতা’ বন্ধে আর এ ধরনের তালিকা করবে না শিক্ষা মন্ত্রণালয়।
গত বছরের ৩০ মে এসএসসির ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষায় সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা না করার সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত বছর এইচএসসি এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়নি। তবে প্রাথমিক সমাপনীর ফলাফলে সেরা প্রতিষ্ঠানের তালিকা ছিল।
সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় থাকতে কিছু শিক্ষক পরীক্ষার হলে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশ্ন বলে দেন- এমন অভিযোগ ছিল মন্ত্রণালয়ের কাছে।এছাড়া নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাল ফল করানোর জন্য পরীক্ষার আগে কিছু শিক্ষকের বিরুদ্ধে এমসিকিউ প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগও ছিল।
‘অনৈতিক পন্থা’ অবলম্বন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘সেরার তালিকায়’ থেকে ভর্তি বাণিজ্য করে বলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে সরকার সেরা প্রতিষ্ঠানের তালিকা না করার সিদ্ধান্ত নেয়।
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার থেকে শুরুতে এমসিকিউ অংশের পরীক্ষা নেওয়া হচ্ছে। আগে পরীক্ষার শেষে এই এমসিকিউ নেওয়া হত।
আগামী বছর থেকে এসএসসি ও এইচএসসির এমসিকিউ অংশ থেকে ১০ নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তও রয়েছে সরকারের।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
