২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেদের জন্মদিনে ক্লিনটন ব্রাউন গেটসের শুভেচ্ছা

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদের ৮০তম জন্মবার্ষিকিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস শুভেচ্ছা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 11:45 AM

Updated : 11 Oct 2022, 08:13 PM

এই বাংলাদেশিকে শুভেচ্ছা জানানোর তালিকায় অন্য কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের পাশাপাশি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমও রয়েছেন।

ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে দরিদ্রদের উন্নয়নে কাজ করতে তার প্রতিষ্ঠিত ব্র্যাক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা; যে সংস্থাটি বিশ্বের ডজনখানেক দেশে কর্মকাণ্ড পরিচালনা করছে।

Image
বিল ক্লিনটন ও গর্ডন ব্রাউন

বিল ক্লিনটন ও গর্ডন ব্রাউন

এক শুভেচ্ছা বার্তায় বিল ক্লিনটন বলেছেন, “বাংলাদেশ ও এর বাইরে লাখ লাখ মানুষকে নিজস্ব কাজের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি ও মর্যাদা পেতে আপনি সাহায্য করেছেন।

“উন্নয়ন সম্পর্কে আমরা যা ভাবি, আপনি সে কাজটিই করেছেন বৈপ্লবিকভাবে।”

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি বিল গেটস তার শুভেচ্ছা বার্তায় গত এক দশকের বেশি সময় ধরে ব্র্যাক এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের একসঙ্গে কাজ করার কথা তুলে ধরেছেন।

ফজলে হাসান আবেদকে উদ্দেশ করে তিনি বলেন, “ব্র্যাকের মাধ্যমে আপনি বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনের বাঁক বদলে দিয়েছেন। সুন্দর বিশ্ব গড়ে তুলতে আপনার লক্ষ্য ও প্রতিশ্রুতির প্রতি আমাদের স্যালুট রইল।”

“আবেদ ভাই, শুভ জন্মদিন!” শুভেচ্ছা বার্তায় বলেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম কিম।

Image
বিল গেটস

বিল গেটস

ফজলে হাসান আবেদ যা করছেন, তা প্রতিটি উন্নয়ন কর্মীর জন্য শিক্ষনীয় বলেও মন্তব্য করেছেন তিনি।

সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে যাত্রা শুরু করা ব্র্যাকে বর্তমানে কর্মরত আছেন এক লাখেরও বেশি মানুষ। বাংলাদেশসহ বিভিন্ন দেশে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ বিভিন্ন সেবা দিচ্ছে এ সংস্থাটি।

ক্ষু দ্রঋণ কার্যক্রমসহ ব্র্যাকের অধীনে রয়েছে ব্যাংক, বিশ্ববিদ্যালয়সহ কয়েক ধরনের প্রতিষ্ঠান।

ফজলে হাসান আবেদের জন্মদিনে আরও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের ডিএফআইডি প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়াইন, অষ্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কনসেট্টা ফিয়েরাভান্তি-ওয়েলস, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ প্রমুখ।