২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা উদ্ধার মামলা: পুলিশের দুই কর্মকর্তাকে তলব

দুই বছর পেরিয়ে গেলেও সাত কেজি সোনা উদ্ধারের এক মামলায় তদন্তের বিষয়ে আদালতের নির্দেশ অনুসারে ব্যাখ্যা ও প্রতিবেদন না দেওয়ায় বিমানবন্দর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 11:25 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

ওই দুই কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ২৯ মে তাদের আদালতে স্বশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট এ আদেশ দেয়।

ওই মামলায় দুই বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় গ্রেপ্তার আসামি মো. আল আমিনের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ এসেছে।

আদালতে আল আমিনের পক্ষে ছিলেন আইনজীবী খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

পরে শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশনা অনুসরণ না করায় বিমানবন্দর থানার ওসি ও ওই মামলার তদন্ত কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছে হাই কোর্ট।

“তাদের বিরুদ্ধে কেন আদালত অবমানার কার্যক্রম গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। ২৯ মে আদালতে হাজির হয়ে ওই দুই কর্মকর্তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সালের ২২ অগাস্ট ৭ কেজি সোনাসহ মো. আলামিনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় সেদিনই বিমানবন্দর থানায় মো. আল আমিনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা।

নিম্ন আদালতে জামিন নাকচ হওয়ার পর আসামি আল আমিন হাই কোর্টে এপ্রিলে জামিন চেয়ে আবেদন করে। এই আবেদনের ওপর শুনানি নিয়ে ১৩ এপ্রিল হাই কোর্ট তার জামিন প্রশ্নে রুল দেয়। কেন তাকে (আল আমিন) জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে।

সেদিন দুই বছরেও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ার বিষয়ে ১০ মের মধ্যে তদন্ত কর্মকর্তাকে ব্যাখ্যা জানিয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয় হাই কোর্ট। বিমানবন্দর থানার ওসিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর জানান, আদালতের নির্দেশনা অনুসারে মঙ্গলবার তদন্তের বিষয়ে  আদালতে প্রতিবেদন দাখিল করা হয়নি।   

আসামি আল-আমিনের আইনজীবী খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে ওই মামলাটি করা হয়। ওই আইনের মামলায় ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নিয়ম থাকলেও দুই বছরেও তদন্ত প্রতিবেদন দেওয়া হয় নি। এসব যুক্তিতে জামিনের আবেদনটি করা হয়।