নূরজাহান বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী নিজের বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলকে হাসপাতালে পাঠিয়ে নূরজাহান বেগমের শারীরিক অবস্থার খবর নেন।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৪ মে থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯২ বছর বয়সী সাংবাদিক নূরজাহান বেগম।
নূরজাহান বেগম নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন বলে জানিয়েছেন তার মেয়ে ফ্লোরা নাসরিন খান।
ফ্লোরা জানান, তিনি এবং তার স্বামী গত ৮ মে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার মায়ের চিকিৎসার সহায়তার জন্য আবেদন করেন।
‘বেগম’ সম্পাদকের চিকিৎসায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
“প্রধানমন্ত্রী প্রতিদিনই খবর রাখছেন”, বলেন ফ্লোরা নাসরিন।
নূরজাহান বেগমের চিকিৎসার খোজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেনিন।
উপমহাদেশের প্রথম নারী বিষয়ক সাপ্তাহিকের সম্পাদক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরে গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে পশ্চিমবঙ্গের ভাগলপুরে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে ম্যাট্রিক পাসের পর কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজ থেকে উচ্চশিক্ষা নেন।
সাহিত্য চর্চায় মেয়েদের জায়গা করে দিতে তার বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন ১৯৪৭ সালে ‘বেগম’ পত্রিকা চালু করেন। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত হলেও দেশভাগের পর ১৯৫০ সালে পত্রিকাটি ঢাকায় চলে আসে।
প্রতিষ্ঠার প্রথম চার মাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। এর পর সম্পাদনার দায়িত্বে আসেন নূরজাহান বেগম। ১৯৫২ সালে কেন্দ্রীয় কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামানা খানের (দাদা ভাই) তার বিয়ে হয়।
নারী শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য ১৯৯৭ সালে তাকে রোকেয়া পদক দেওয়া হয়।
