যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই থাকবে: আইনমন্ত্রী
নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড না রাখার সম্ভাবনার কথা জানালেও যুদ্ধাপরাধ ও হত্যার মতো অপরাধের সর্বোচ্চ দণ্ড বহাল থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে সুইডেনের আইন ও অভিবাসন মন্ত্রী মর্গান জোহানসনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক বলেন, “বৈঠকে মৃত্যুদণ্ড নিয়েও আলোচনা হয়েছে। আমি এটা স্পষ্ট করেছি, ভবিষ্যতে প্রণয়ন করা হবে এ রকম আধুনিক আইনে মৃত্যুদণ্ড নাও থাকতে পারে। তবে যুদ্ধাপরাধ, হত্যা, খুনের যে সর্বোচ্চ সাজা রয়েছে, সেটা থাকবে।
“আমি অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছি, যুদ্ধাপরাধীদের বিচার একটা চলমান প্রক্রিয়া এবং এটা চলবে।
বৈঠকে মত প্রকাশের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
“মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিচ্ছিন্ন কিছু অভিযোগের বিষয়ে আমার কাছে পয়েন্ট আউট করা হয়েছে। আমি বলছি, আমরা তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করি।”
ইউরোপের অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান; এছাড়া ব্লগার হত্যার প্রসঙ্গ এসেছিল বৈঠকে।
আনিসুল হক বলেন, “আমাদের দেশের পরিস্থিতি ও ব্লগারদের হত্যার ব্যাপারে উনি আমার কাছে জিজ্ঞেস করেছেন, আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করেছি। হিউম্যান রাইটস কমিশন এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলাপ আলোচনা হয়েছে।”
বৈঠক প্রসঙ্গে মর্গান জোহানসন বলেন, “সাধারণভাবে মানবাধিকার বিশেষ করে নারী অধিকার কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। নারীদের শিক্ষার অধিকার, অন্যান্য সামাজিক অধিকার, গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়েছে।”
ব্লগারসহ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটা বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এই সব অপরাধকে সিরিয়াসলি নিতে হবে। সবাই যাতে নিরাপদ অনুভব করে, যাতে আপনি যা চিন্তা করছেন, তা প্রকাশ করতে পারেন, এটা যে কোন সমাজের জন্য মূল্যবান।”
ব্লগার অনন্ত বিজয় দাশের আবেদন প্রত্যাখ্যানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি এই ঘটনাটা জানি, কিন্তু ইনডিভিজুয়াল কেসে মন্তব্য করতে পারব না। অপরাধীদেরকে ধরতে এবং এই ধরনের ঘটনার পুনঃসংগঠন প্রতিরোধে আমাদেরকে প্রয়োজনীয় সব কিছু করতে হবে।”
গত বছরের ১২ মে ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যার আগে তিনি সুইডেনের কাছে ভিসার জন্য আবেদন করেছিলেন, যা নাকচ করেছিল দেশটি।
