২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিত কিছুটা সুস্থ

দীর্ঘদিন অসুস্থ থাকা প্রবীণ রাজনীতিক, সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত কিছুটা সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 10:03 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছেন তিনি।

সোমবার সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের শুরুতেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাঝে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন তিনি; বর্তমানে ফলোআপ চলছে।

তিনি বলেন, “দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে তিনি অনেকটাই সুস্থ এখন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় প্রয়োজন। মাঝেমধ্যে এই অসুস্থতা নিয়েও স্যার সংসদীয় স্থায়ী কমিটির নিয়মিত সভা ও অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।”

সত্তরোর্ধ্ব প্রবীণ এই রাজনীতিকের হিমোগ্লোবিন উৎপাদন প্রয়োজনের তুলনায় কমে যাওয়ায় হরমোনাল ইনজেকশন দেওয়া হচ্ছে বলে জানান কামরুল।

“চিকিৎসকরা পরার্শ দিয়েছেন বিশ্রামের জন্য এবং লোকজনের সঙ্গে কথা বলার সময় মাস্ক ব্যবহারের জন্য। যাতে কোনও ভাইরাস তাকে আক্রমণ করতে না পারে। বর্তমানে তিনি অভিজ্ঞ চিকিৎসক ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন ।”

দ্রুত আরোগ্য কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান ব্যক্তিগত সহকারী কামরুল।

সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি।

ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। প্রথম জীবনেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়া সুরঞ্জিত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন।

তবে সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করলেও তা গ্রহণ না করে তাকে মন্ত্রী হিসাবে রাখেন শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং এমএ করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন সুরঞ্জিত।

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও একজন সদস্য।