দক্ষিণ এশিয়ার সুশাসন গবেষণায় নতুন ফোরামের আত্মপ্রকাশ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সুশাসন ও এ সম্পর্কিত তুলনামূলক গবেষণার জন্য নতুন ফোরামের আত্মপ্রকাশ হলো ঢাকায়।
রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক সুশাসন’ নিয়ে দুইদিনের একটি আন্তর্জাতিক সম্মেলন শেষে সোমবার ‘সাউথ এশিয়ান ফোরাম ফর গভর্ন্যান্স রিসার্চ’ নামে নতুন এই ফোরামের ঘোষণা দেওয়া হয়।
ভারতের লোকসভার সাবেক সেক্রেটারি জেনারেল সুভাস কাশ্যপকে ফোরামটির প্রেসিডেন্ট করা হয়েছে।
তিনজন ভাইস প্রেসিডেন্ট হলেন- নেপাল সেন্টার ফর কনটেমপোরারি স্টাডিজের পরিচালক লোকরাজ বরাল, ভারতের ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ভ্যালেরিয়ান রডরিগজ, শ্রীলঙ্কার পেরাডেনিয়া ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আইমিয়া কামালা লিয়ানাগে।
সেক্রেটারি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম আহমেদ; আর চট্টগ্রামের সাউদার্ন ইউনিভিার্সিটির প্রতিষ্ঠাতা সারওয়ার জাহানকে করা হয়েছে কোষাধক্ষ্য।
সদস্যরা হলেন- মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির অস্টিন পিয়ে ইউনিভার্সিটির অধ্যাপক নাজমুল আবেদীন, কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক আহমেদ শফিকুল হক, নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটির অধ্যাপক কৃষ্ণা হাচেথু।
শনিবার শুরু হওয়া সম্মেলনের আয়োজক বেসরকারি গবেষণা সংস্থা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স রিসার্চ নেটওয়ার্ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। এই আয়োজনের সহ আয়োজক সাউদার্ন ইউনিভার্সিটি এবং দ্য এশিয়া ফাউন্ডেশন।
নতুন ফোরাম সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশেই সুশাসন নিয়ে গবেষণা হয়।কিন্তু কোন ধরনের সমন্বিত ফোরাম না থাকায় এগুলো নিয়ে তুলনামূলক আলোচনা হয় না। নতুন এই ফোরাম দেশে দেশে হওয়া গবেষণাগুলো নিয়ে আলোচনা করবে।”
সংসদীয় রাজনীতির এই গবেষক আরও বলেন, “ল্যাটিন আমেরিকা, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ সব অঞ্চলেই তুলনামূলক আলোচনার এ ধরনের ফোরাম আছে। আমরা প্রতি দুই বছর বিভিন্ন দেশে হওয়া গবেষণাগুলো নিয়ে বসবো। প্রত্যেক দেশেই এর চ্যাপ্টার থাকবে। চ্যাপ্টারগুলো আলাদাভাবে এবং আঞ্চলিক ফোরামের সঙ্গে মিলে কাজ করবে।”
