রাষ্ট্রপতির সঙ্গে নাইজেরিয়ার সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল টুকুর ইউসুফ বুরাতাই।
সোমবার বিকেলে নাইজেরিয়ান সেনাপ্রধান বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাইজেরিয়ার সেনা প্রধানকে বঙ্গভবনে স্বাগত জানান।
“রাষ্ট্রপতি বাংলাদেশ ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।”
প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি এসময় বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও উৎকর্ষতার কথা উল্লেখ করে নাইজেরিয়ার সামরিক সদস্যদের প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান।”
১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত নাইজেরিয়ার সেনাবাহিনীর ৯৮ জন কর্মকর্তা বাংলাদেশে প্রশিক্ষণ নিয়েছেন।
“রাষ্ট্রপতি বলেন, নাইজেরিয়ান সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের দেশে ‘কাউন্টার টেরোরিজম’ ও ‘জঙ্গল ওয়ারফেয়ার’ কোর্সে আমন্ত্রণ জানাতে পারে,” বলেন জয়নাল আবেদীন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নাইজেরিয়ার সেনাবাহিনীর সদস্যরা এ শিক্ষা প্রতিষ্ঠানে এসে বিভিন্ন কোর্সে ভর্তি পারে।
নাইজেরিয়ার সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক আরও জোরদার হবে বলেও বলেন রাষ্ট্রপতি।
নাইজেরিয়ার সেনাপ্রধান সাক্ষাতের সময় দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতে সামরিকসহ বিভিন্ন খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
