২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র চেতনায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক হোন: রাষ্ট্রপতি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা ধারণ করে জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 06:25 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

তিনি বলেছেন, “রবীন্দ্রনাথের চেতনা ও আদর্শ ধারণ করে সব ধরনের শোষণ-বঞ্চনা-অবিচার-সংঘাত-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল নাগরিককে আত্মনিয়োগের আহ্বান জানাচ্ছি।”

রোববার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপতি।

রবীন্দ্রনাথের জন্মদিনে সমাজের সবর্ত্র শুভচিন্তার জাগরণ ঘটবে- এই আশা করে আবদুল হামিদ বলেন, “রবীন্দ্রনাথের কাছে শিক্ষার অর্থ হল প্রকৃতির সঙ্গে সমন্বয় সাধন, সংস্কার ও সংকীর্ণতার উর্ধ্বে উঠে আত্মার মুক্তি। দারিদ্র্য বিমোচন, পল্লী সমাজ গঠন, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় তার চিন্তা ও কর্মধারা আজও আমাদের প্রেরণা জোগায়।

“একুশ শতকে এসে পৃথিবী যখন একটি ‘বৈশ্বিক গ্রামে’ পরিণত হয়েছে তখন রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শন হয়ে উঠেছে অতীব তাৎপর্যপূর্ণ। তার শুভ জন্ম দিনে আমার কামনা, সমাজে সর্বত্র শুভচিন্তা ও মানবিক বোধের জাগরণ ঘটুক।”

রবীন্দ্রস্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলোও উঠে আসে রাষ্ট্রপতির বক্তব্যে।

“ইতোমধ্যে সরকার সারাদেশে রবীন্দ্রস্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি রবীন্দ্রচর্চা এবং রবীন্দ্র সংগীতের প্রচার ও প্রসারেও সংস্কৃতিকর্মীদের সহায়তা প্রদান করে যাচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ এবং ভারতের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে, যা রবীন্দ্রভুবনে বাংলাদেশের দৃপ্ত অবস্থানকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।”

“রবীন্দ্রনাথের মতোই আমরা বিশ্বাস করি কেবল রাজধানীতে নয়, জাতির প্রাণ ছড়িয়ে আছে দেশের নানা প্রান্ত জুড়ে। রবীন্দ্রনাথকে স্মরণের এ বিশেষ উৎসবও তাই শুধু রাজধানী ঢাকায় নয় বরং একই সঙ্গে শিলাইদহ, শাহজাদপুর, পতিসর, দক্ষিণডিহি, পিঠাভোগে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপিত হচ্ছে, যার মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ পাবে রবীন্দ্রসৃষ্টি ও দর্শনের সাক্ষাত। দেশের সব অঞ্চলের সকল মানুষের সম-উন্নয়ন ও বিকাশের মাধ্যমেই সার্বিকভাবে বাংলাদেশ ২০২১ সালে পরিণত হবে মধ্য আয়ের দেশে।”

রাষ্ট্রপতি বলেন, “রবীন্দ্রনাথের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা-ব্যক্তিগত বলয়ের বৃত্ত ভেদ করে সমষ্টিগত বিকাশের পথ প্রশস্তকরণ। তাই তিনি তার প্রকৃতিলগ্ন যুগোপযোগী-প্রায়োগিক শিক্ষাস্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করেছেন ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’ এবং ‘শ্রীনিকেতন’।”

রবীন্দ্র জন্মবার্ষিকীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজনে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্মারক বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক সনৎকুমার সাহা। আরও বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ।

বক্তব্য শেষে রাষ্ট্রপতি সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।