বিদ্যুৎস্পৃষ্টে চার মৃত্যু : পরিবারকে কেন ক্ষতিপূরণ নয়
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় পরিবারটিকে কেন চার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
জনগণের জীবন রক্ষায় ওই এলাকার ক্ষতিগ্রস্ত বিদ্যুতের সরবরাহ লাইন পরিবর্তন করে নিরাপদ বিদ্যুৎসংযোগ নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেয়।
গত ২৬ এপ্রিল সুনামগঞ্জের উত্তর ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামারদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রঞ্জিত সরকার (৪৫), তার স্ত্রী রীতা সরকার (৩৫), মেয়ে সোনালী সরকার (১০) ও রঞ্জিতের বাবা জগদিশ সরকার (৭০)।
এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে পরদিন প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ২ মে সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস রিট করেন, যা রোববার শুনানির জন্য ওঠে।
আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী অমিত দাশগুপ্ত, সঙ্গে ছিলেন মুনতাসীর মাহমুদ রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
আইনজীবী অমিত দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত রুল জারির পাশাপাশি ১৫ দিনের মধ্যে ওই নির্দেশনা বাস্তবায়ন করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দিয়েছে।”
বিদ্যুৎ বিভাগের সচিব, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান, সুনামগঞ্জের জেলা প্রশাসক, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অঞ্চলের ব্যবস্থাপক ও মধ্যনগর থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
