হরতালবিরোধী সমাবেশে সংঘর্ষ, পুলিশ-আনসারসহ আহত ১৬
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর জন্য কর্মসূচি ডেকে জামায়াতে ইসলামী মাঠে না থাকলেও হরতালের বিরুদ্ধে রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ ও এক আনসার সদস্যসহ ১৬ জন আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, ছররা গুলিতে আহত মিরপুর থানা আওয়ামী লীগের ১২ নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এরা হলেন- আল আমিন, ইমন, কালাম, কুরবান, হাবিব, মনোয়ার, শামিম, মনির, রাফি, জাকির, সুজন ও শুভ।
আইনশৃঙ্খলা বাহিনীর আহত চার সদস্য হচ্ছেন- শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ হোসেন, এসআই আবদুর রশীদ, ট্রাফিক পুলিশের কনস্টেবল আরিফ ও আনসার সদস্য আয়নাল।
তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার কাজে ফিরেছেন বলে শাহআলী থানার এসআই তামান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
সংসদ সদস্য আসলামুল হক ও সংরক্ষিত আসনের সাংসদ সাবিনা আক্তার তুহিনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রোববার দুপুরে মিরপুর ১ নম্বরে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই সাংসদের সমর্থকরা সকাল থেকে মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করছিল।
“বেলা ১২টার দিকে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-ধাওয়িতে রূপ নেয়। এসময় উভয়পক্ষের সমর্থকদের ছররা গুলিতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।”
ঘটনার পর দুই সাংসদের মোবাইল ফোনে যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়।
বিকালে সাবিনা আক্তার তুহিনের স্বামী রাসেল কামালী বিদ্যুৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের বনফুল মিষ্টির দোকানের ভেতর তুহিন সমর্থকদের নিয়ে বসে ছিলেন।
“সে সময় আসলামুল হকের সমর্থকরা তার উপর হামলা চালায়। তুহিনের ঘাড়ে, পিঠে, পায়ে আঘাত করা হয়েছে।”
মিরপুর ১০ নম্বরের একটি ক্লিনিকে তুহিনকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে বলেই তার মোবাইল ফোন বন্ধ ছিল বলে জানান তিনি।
তবে সাংসদ সাবিনার স্বামীর অভিযোগ উড়িয়ে দিয়ে সংসদ সদস্য আসলামুল হক বলেন, “..ও পোলাপান মানুষ….ও কী কইল এটা আমার দরকারটা কী?”
ঘটনার সময় ধানমণ্ডিতে ছিলেন দাবি করে আসলামুল বলেন, “আওয়ামী লীগ আওয়ামী লীগরে মারে …এটা তো আমি জানিই না। এইটা তো আমার অভিধানেই নাই।
“আমি শুনেছি মিরপুরে একটা ঝামেলা হয়েছে, তখন আমি ধানমন্ডিতে ছিলাম। যারা আহত হয়েছেন তারাই বলতে পারবে, কী হয়েছিল।”
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন বৃহস্পতিবার আপিল বিভাগ খারিজ করার পর তার দল জামায়াতে ইসলামী রোববার হরতালের ঘোষণা দেয়।
এই হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতা-কর্মীরা নগরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করছে। তবে ঢাকায় জামায়াতের নেতা-কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি।
