২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের কর্মসূচি

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ায় তার দল জামায়াতে ইসলামীর ডাকা রোববারের হরতালের বিরুদ্ধে শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 05:36 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নামে শনিবার এক সংবাদ বিবৃতি দিয়ে এই কর্মসূচির কথা জানানো হয়।

ওই দিন সকাল ১১টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা হরতালবিরোধী মিছিল করবে।

বিবৃতিতে ইমরান বলেন, “জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, সংঘবদ্ধভাবে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে এদেশের ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলাদেশে কোনো হরতাল ডাকার অধিকার এই সংগঠনের নেই।

“জামায়াতের আমির যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। হরতালের নামে নাশকতার চেষ্টা করে বা কোনো রকম ষড়যন্ত্র করে এই নরঘাতককে রক্ষা করা যাবে না। বাংলাদেশের মুক্তিকামী মানুষ তা হতে দেবে না। নিজামীর অপরাধের শাস্তি তাকে পেতেই হবে।”

বৃহস্পতিবার নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রোববার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত নিজামী জামায়াতের আমির। তিনি একাত্তরে আল বদর বাহিনীর প্রধান ছিলেন।

পুরনো খবর:

যুদ্ধাপরাধী নিজামীর জন্য জামায়াতের হরতাল