২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেজাউল হত্যা: স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শিক্ষকদের স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের বিচারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 09:34 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতেৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপির লিখিত বক্তব্যে অধ্যাপক রেজাউলসহ অসাম্প্রদায়িক চেতনার মানুষদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ‘প্রকৃত রহস্য’ উদঘাটনে পুলিশকে ব্যর্থ আখ্যায়িত করে এ বাহিনীর কর্মকাণ্ডে ‘স্থবিরতা দেখা যাচ্ছে’ বলে মন্তব্য করেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল।

গত বছরজুড়ে অসাম্প্রদায়িক চেতনার মানুষদের কুপিয়ে হত্যার পর এ বছরের এপ্রিল থেকে একই কায়দায় হত্যাকাণ্ড শুরু হয়। এর মধ্যে রাবির অধ্যাপক রেজাউলকে ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে চাওয়ার যুক্তরাষ্ট্রের আগ্রহকে সন্দেহের চোখে দেখছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।

স্মারকলিপিতে অধ্যাপক মাকসুদ বলেন, “আমরা লক্ষ করছি যে, তদন্তকাজে সহযোগিতার নামে মার্কিন যুক্তরাষ্ট্র এ দেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে চাচ্ছে। ইতোমধ্যে মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে তদন্তে সহযোগিতা করার ইচ্ছা ব্যক্ত করেছেন।”

যুক্তরাষ্ট্রের এই আগ্রহের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে সতর্ক থাকার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।

অধ্যাপক রেজাউল হত্যার ঘটনায় ইতোমধ্যে সোমবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

স্মারকলিপিতে তার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি ইতোপূর্বে অসাম্প্রদায়িক চেতনার সব হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে নিষ্পত্তির দাবি জানানো হয়।

এছাড়া তৃতীয় দাবিতে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ সর্বস্তরের জনমানুষের নিরাপত্তা বিধান করার’ পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে গণমাধ্যমে সতর্কতার সঙ্গে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়।

এতে বলা হয়, “যেসব বক্তব্য জনগণের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করে এবং সন্ত্রাসী ও জঙ্গিদের উৎসাহিত করে সেসব বক্তব্য পরিহার করতে অনুরোধ করছি।”

স্মারকলিপির লিখিত বক্তব্যে অধ্যাপক রেজাউল হত্যায় এখন পর্যন্ত ‘প্রকৃত হত্যাকারীদের’ গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল।

এ হত্যায় জঙ্গিগোষ্ঠী আইএসের দায় স্বীকারের খবর প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের জানা মতে, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী অত্যন্ত সাধাসিধে জীবন-যাপন করতেন। তিনি ছিলেন সমাজসেবী এবং মুক্তদৃষ্টির সাংস্কৃতিক কর্মী। তিনি কোনো ধর্ম বা কোনো গোষ্ঠী অথবা কোনো মানুষকে আঘাত করে কোনো কথা বলেননি।

“অথচ তাঁর মতো অত্যন্ত নিরীহ প্রকৃতির একজন মানুষকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে এ সকল হত্যাকারীর প্রকৃত উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার মধ্য দিয়ে মুক্তচিন্তা রুদ্ধ করে শিক্ষাঙ্গন তথা সারাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই এসব হামলার উদ্দেশ্য বলে মনে করেন অধ্যাপক মাকসুদ।

সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে জঙ্গিগোষ্ঠীর এ ধরনের নাশকতা রোধ করা সম্ভব হবে মন্তব্য করে এ লক্ষ্যে পুলিশ প্রশাসনকে আরও আধুনিক ও গতিশীল কর্মপ্রক্রিয়া গ্রহণের আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।

পুরনো খবর:

রেজাউল হত্যার প্রতিবাদে কর্মবিরতি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে