২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপুর জামিন, মুক্তিতে ‘বাধা নেই’

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস মিয়া নুর উদ্দিন অপু চাঁদা দাবির মামলায় জামিন পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 03:04 PM

Updated : 20 Aug 2022, 12:36 PM

তার জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ সোমবার তার স্থায়ী জামিন মঞ্জুর করে।

এর ফলে কারাগারে থাকা অপুর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী সগীর হোসেন লিওন।

আদালতে অপুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

বশির উল্লাহ জানিয়েছেন, হাই কোর্টের রায় স্থগিত চেয়ে তারা আপিল বিভাগে আবেদন করবেন।

মামলার নথি থেকে জানা যায়, চাঁদা দাবির অভিযোগে ২০০৭ সালের ৮ জানুয়ারি গুলশান থানায় তারেক রহমান ও অপুর বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী আমিন আহমেদ। এ মামলায় অপুর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৮ অগাস্ট হাই কোর্ট রুল ও অন্তবর্তীকালীন জামিন দেয়।

ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে সোমবার হাই কোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেয় বলে জানান আইনজীবী সগীর হোসেন।

তিনি বলেন, “দেশে ফেরার পর ২০১৪ সালের ১৮ জুন নিম্ন আদালতে আত্নসমর্পণ করেন অপু। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তার বিরুদ্ধে থাকা অপর একটি দুর্নীতির মামলায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি হাই কোর্ট জামিন দিয়েছে। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।”