লাইফ সাপোর্টের নামে বাণিজ্য বন্ধে তদারকি বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
লাইফ সাপোর্টের নামে হাসপাতালগুলোর ‘নির্দয় বাণিজ্য’ বন্ধে তদারকি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “লাইফ সাপোর্টে চিকিৎসা সেবা অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা এবং দক্ষ জনবলের মাধ্যমে সার্বক্ষণিকভাবে পরিচালনা করতে হয়। ফলে এর খরচ অন্যান্য চিকিৎসার চেয়ে ব্যয়বহুল হয়ে থাকে।
“তবে লাইফ সাপোর্টের নামে নির্দয় বাণিজ্য যাতে না হয়, সে বিষয়ে হাসপাতালের আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউতে সেবা প্রদানের বিষয়ে তদারকি বাড়ানো হয়েছে।বিষয়টি বেশ টেকনিক্যাল এবং অত্যন্ত স্পর্শকাতর। চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিকতা ও পেশাগত উৎকর্ষতার সঙ্গেও এটি সম্পর্কিত।”
অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে শুদ্ধাচার কৌশলের আলোকে কর্মপরিকল্পনাও নেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
“এছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন দফতর/সংস্থাকে স্বাস্থ্যখাতে নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণে অন্তর্ভূক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে,” বলেন তিনি।
