২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ চুরি: সংসদে আলোচনার দাবি ফিরোজ রশীদের

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আট কোটি ডলার চুরির ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 01:01 AM

Updated : 20 Aug 2022, 12:33 PM

মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, “টাকা চুরি গেল আমাদের। ফিলিপিন্সের সিনেট শুনানি করছে। আমরা তো কিছু করতে পারছি না। আমরা তো একটা আলোচনা করতে পারি। বিশেষ সভা করে সংসদে শুনানি করতে পারি।”

অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচার নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে ফিরোজ রশীদ পয়েন্ট অর্ডারে ডেপুটি স্পিকারের কাছ থেকে ফ্লোর নেন।

তিনি আরও বলেন, “ব্যাংক থেকে টাকা চুরি হল। গভর্নর ইস্তফা দিলেন। ইস্তফা দিলেই তো হল না। ওখানে আরও অনেকে কাজ করত। কে কোড দিল? সার্ভার রুমে কারা কাজ করত? জনগণের টাকা চলে গেল। ভয়াবহ কাণ্ড ঘটে গেল!

“আমরা যদি সংসদে এটা নিয়ে আলোচনা না করি, তাহলে মনে হবে এই সংসদ কার্যকরী না। একটা অডিট করে দেখা হোক,  কত টাকা বিদেশে পাচার হয়েছে।”

ফেব্রুয়ারির শুরুতে ভুয়া নির্দেশনা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্স ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে পাঠানো হয়।

শ্রীলঙ্কায় যাওয়া অর্থ আটকানো গেলেও ফিলিপিন্সের রিজল ব্যাংকের চারটি অ্যাকাউন্টে যাওয়া অর্থ ক্যাসিনোর জুয়ার টেবিলে হাতবদল হয় বলে স্থানীয় পত্রিকাগুলি খবর প্রকাশ করে। তা নিয়ে শুনানি করেছে ফিলিপিনের পার্লামেন্ট।

ফিরোজ রশীদের বক্তব্যের পর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পয়েন্ট অব অর্ডারে বক্তব্য না দিয়ে কার্য প্রণালী বিধি মেনে নোটিস দেওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, “আপনি যদি একটা নোটিস আনতেন তাহলে সংসদে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। কিন্তু আপনি যা আলোচনা করলেন সেটা ফ্রুটলেস। বিরোধী দলের কাছ থেকে এ ধরনের নোটিস আসলে...

“আপনারা যদি বাস্তবভিত্তিক, কার্যপ্রণালি বিধি মেনে নোটিশ দেন তাহলে সংসদে সেটা আলোচনা হতে পারে।”