হত্যার নিন্দা, বিচার দাবি যুক্তরাজ্য ও জার্মানির
সমকামী ও হিজড়া অধিকারকর্মী জুলহাজ মান্নানসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর নিন্দা জানিয়ে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সয়্যার ও বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স।
ব্রিটিশ প্রতিমন্ত্রী এক টুইট বার্তায় ও জার্মান রাষ্ট্রদূত এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
হুগো সয়্যার লিখেছেন, “বাংলাদেশে অধ্যাপক করিম, তনয় ফাহিম ও জুলহাজ মান্নানের নির্বিচার হত্যাকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
এক বিবৃতিতে জার্মান রাষ্ট্রদূত ‘অসাধারণ দুই মানবাধিকারকর্মীর উপর নৃশংস হামলার তীব্র নিন্দা’ জানিয়ে বলেন, “এটা শুধু দুজন সাহসী মানুষের উপর নয়, এই দেশের মতপ্রকাশের স্বাধীনতার উপর হামলা।”
দ্রুত ও ব্যাপক তদন্ত নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান প্রিন্স।
“বিগত মাসগুলোতে এধরনের অনেকগুলো ঘটনা আমরা ঘটতে দেখেছি। মতপ্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষায় ঘুরে দাঁড়াতে পুরো সমাজের জন্য এখনই সময়।”
নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান জার্মান রাষ্ট্রদূত।
এদিকে ঢাকায় ডেনমার্ক দূতাবাসের এক বিবৃতিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খুনিদের বিষয়ে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়াকব হগার্ড স্বাধীন মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে শনিবার সকালে তার বাসার কুপিয়ে হত্যা করা হয়।
এর দুদিনের মাথায় সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)। জুলহাজ সমকামী ও হিজড়া অধিকারকর্মী ছিলেন।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার নিয়ে প্রকাশিত সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।
এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এর মধ্যেই তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এক বিবৃতিতে তিনি বলেছেন, জুলহাজ ছিলেন ‘একজন আস্থাভাজন সহকর্মী, একজন প্রিয়তম বন্ধু এবং বাংলাদেশে ব্যক্তির মর্যাদা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার’।
বাংলাদেশে মুক্তমনা লেখক, ব্লগার, শিক্ষক, অনলাইন অ্যাকটিভিস্ট ও ভিন্ন মতাবলম্বীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার জুলহাজ মান্নান। এখন পর্যন্ত কেউ তার হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের অধিকাংশ হত্যাকাণ্ডের পর আইএসের নামে দায় স্বীকারের বার্তা এলেও সেই দাবি নাকচ করে বাংলাদেশ সরকার বলে আসছে, বাংলাদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই। এসব হত্যাকাণ্ডের পিছনে কারা রয়েছে তাও বের করতে পারেনি সরকার।
