২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু কর্তৃপক্ষ বিল সংসদে

এক হাজার ৫০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের সেতু-টানেল ও ফ্লাইওভারসহ এক্সপ্রেসওয়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেতু বিভাগকে দিয়ে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল- ২০১৬’ উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 08:44 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংসদে বিলটি তোলেন। পরে বিলটি চার সপ্তাহের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এক হাজার ৫০০ মিটার বা তার চেয়ে বড় দৈর্ঘ্যের সেতু ও টানেল, টোল সড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ থাকবে সেতু বিভাগের আওতায়। থাকবে সেতু কর্তৃপক্ষের অধীন স্থাপনা ও সংরক্ষিত অংশের জন্য এর ব্যবহাকারী কোনো সংস্থা-ব্যক্তি বা যানবাহনের উপর ফি বা টোল ধার্য ও আদায়ের দায়িত্বও।

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ২০০৮ সালে গঠিত হয় সেতু বিভাগ। এর অধীন স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব বোর্ডের উপর থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে চেয়ারম্যান এবং সেতু বিভাগের সচিবকে ভাইস চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বোর্ড গঠিত হবে।

প্রশাসন বোর্ড কর্তৃপক্ষের অধীন স্থাপনাগুলো নির্ধারিত শর্তে ও সময়ের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ইজারা দিতে পারবে।

বিলে বলা হয়েছে, এ আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ‘বাংলাদেশ ব্রিজ অথরিটি অর্ডিন্যান্স-১৯৮৫’ রহিত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সেতু, টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ কারিগরি দিক থেকে জটিল প্রকৃতির অন্যান্য অবকাঠামো নির্মাণে ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও তদসংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়ন এবং সরকারের সিদ্ধান্তের আলোকে বর্ণিত সময়ে জারিকৃত ‘যমুনা মাল্টিপারপাস ব্রিজ অথরিটি অর্ডিন্যান্স-১৯৮৫, যা ২০০৭ সালে বাংলায় অনুদিত এর কার্যকারিতা জনস্বার্থে বহাল ও অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন।”