২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক হত্যার বিচার দাবি ঢাবি শিক্ষকদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিমের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে মানবন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 07:04 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, “দেশে বর্তমানে যেন হত্যার মহড়া চলছে। আমরা যারা এসব হত্যার প্রতিবাদ ও অসাম্প্রদায়িকতার কথা বলছি তারাও জানি না যে কিছুক্ষণ পর আমরা জীবিত থাকতে পারব কিনা।

“পুলিশ সদস্যদের অনেক বড় বড় অর্জন রয়েছে। কিন্তু অধ্যাপক হুমায়ুন আজাদসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক হত্যার রহস্য উদ্ঘাটনে তারা ব্যর্থ হয়েছে।”

এই ব্যর্থতার পেছনে পুলিশ প্রশাসনের কেউ দায়ী হলে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

“সরকার যদি ইতোপূর্বে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতো তাহলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকতো না।”

নীল দলের আহ্বায়ক নাজমা শাহীন, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান ও টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও অধ্যাপক এম এম আকাশ মানববন্ধনে উপস্থিত ছিলেন।