অর্থ আত্মসাৎ: উত্তরা ব্যাংকের কর্মকর্তাসহ ৪ জনের যাবজ্জীবন
অর্থ আত্মসাতের দায়ে উত্তরা ব্যাংকের কর্মকর্তাসহ চারজনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান ১৩ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- উত্তরা ব্যাংক দারুস সালাম শাখার ব্যবস্থাপক খান আহসান এরতাজুল ইসলাম ও বৈদেশিক বাণিজ্য শাখার প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান এবং মের্সাস আ্যাপারেল সোর্স লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ও ব্যস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম।
চার আসামির সবাই পলাতক বলে এ আদালতের পেশকার মোকারম হোসেন জানান।
রায়ে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ২০ কোটি টাকার এল সি খুলে তা অবৈধভাবে মঞ্জুর করেন।
মঞ্জুরিপত্রের শর্ত অনুযায়ী নথিপত্র সংগ্রহ না করেই তারা চার কোটি এক লাখ ৯০ হাজার ৭০৬ টাকা পোশাক রপ্তানির নামে আত্মসাৎ করেন।
দুদকের উপ পরিচালক হারুন অর রশিদ ২০০৩ সালের ৫ অগাস্ট মিরপুর থানায় এ মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর তদন্ত কর্মকর্তা চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
