রাবি অধ্যাপক হত্যাকাণ্ডের নিন্দায় ইইউ-যুক্তরাষ্ট্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
রোববার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আলাদা বিবৃতিতে নিন্দা জানিয়ে খুনিদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছেন।
শনিবার নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করা হয় ইংরেজি বিভাগের এই শিক্ষককে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস এই হত্যার দায় স্বীকার করেছে বলে খবর এলেও বাংলাদেশ পুলিশ তা উড়িয়ে দিয়ে বলেছে,বাংলাদেশের জঙ্গিরা এর পেছনে রয়েছে বলে তাদের ধারণা।
বিবৃতিতে মায়াদন বলা হয়, “শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে সামগ্রিকভাবে সমাজের বড় ক্ষতি হয়। এই বীভৎস হামলার বিরুদ্ধে দ্রুত ছাত্ররা মাঠে নেমেছে- এটা সবচেয়ে স্বস্তির।”
ইইউ রাষ্ট্রদূত অধ্যাপক রেজাউলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তদন্তের মাধ্যমে ঘাতকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
.
অধ্যাপক রেজাউলকে চিনতেন এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
তিনি বলেন, অধ্যাপক রেজাউল ছিলেন একজন সংস্কৃতিমনা ব্যক্তি, সেতার বাজাতে পছন্দ করতেন। আবার স্থানীয় মসজিদে দানও করতেন।
এই ধরনের খুনগুলোর পেছনে জড়িতদের সরকার খুঁজে বের করতে সক্রিয় হবে, সেই প্রত্যাশা রেখেন বার্নিকাট।
ঢাকায় ফ্রান্সের দূতাবাস এক বিবৃতিতে বলেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউলকে হত্যা বুদ্ধিবৃত্তিক চর্চা, সংস্কৃতির উপর সরাসরি আঘাত।
বাংলাদেশ সরকার দ্রুত তদন্ত করে খুনিদের বিচারের আওতায় আনবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে।
