২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়োমেট্রিক নিবন্ধনে তারানার তাগাদা

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম ও রিম নিবন্ধন করে ‘সচেতন নাগরিক’ হওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 03:06 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক সমাবেশে তিনি বলেন, “আমরা অনিয়ম দুর করার চেষ্টা করছি। ৩০ এপ্রিলের পর কিছু সময়ের জন্য অনিবন্ধিত সিম বন্ধ হয়ে যাবে, এক সময়ে তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

“বাকি সময়ে প্রচণ্ড চাপ থাকবে। চাপ ও লম্বা লাইন যারা চান না তারা দ্রুত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে সচেতন নাগরিক হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করুন।”

এর মধ্যে যাদের নিবন্ধন হয়ে গেছে তারা ‘সচেতন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছেন’ বলেও মন্তব্য করেন তিনি।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম রেজিস্ট্রেশনে জনগণকে উদ্বুদ্ধ করতে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল আয়োজিত প্রচার র‌্যালি পরবর্তী সমাবেশে তারানা হালিম এসব বলেন।

গত ১৬ ডিসেম্বর বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি চলছে পুরনো সিমের পুনঃনিবন্ধন, যা ৩০ এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছে সরকার।

বিটিআরসি’র হিসাবে, চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত প্রায় ৬ কোটি ৩৫ লাখ সিম পুনঃনিবন্ধন হয়েছে।

রোববারের সমাবেশে পুনঃনিবন্ধন কার্যক্রম ‘প্রায় শেষ’ বলে মন্তব্য করেছেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, “যে যাত্রা শুরু করেছি তার খুব কাছাকাছি আমরা পৌছেছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ে তোলার জন্য এ কাজে সকলের সহযোগিতা চাই।”

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রায় এক লাখ সেন্টারে নিবন্ধন প্রক্রিয়া চলছে বলে জানান।

“গত চার মাসে অনেক অগ্রগতি হয়েছে, অধিকাংশ গ্রাহক সিম নিবন্ধন করেছেন। ৩০ এপ্রিলের মধ্যে বাকিরাও করে ফেলবেন বলে আশা করি,” বলেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা।