২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঝুঁকিপূর্ণ ভবনে কাজে অস্বীকৃতির দৃঢ়কণ্ঠ শ্রমিকদের থাকতে হবে’

ফাটল থাকা ঝুঁকিপূর্ণ কারখানা ভবনে কাজ করতে অস্বীকার করার মতো শ্রমিকদের ‘জোরালো ও দৃঢ়কণ্ঠ’ থাকার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 10:04 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

রানা প্লাজা ধসে হতাহতের তিন বছর পূর্তিকে সামনে রেখে শনিবার ঢাকায় ব্র্যাক আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

২০১৩ সালের ২৪ এপ্রিল ভয়াবহ ওই ভবন ধসে সেখানে থাকা পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ ১১০০ জনের বেশি প্রাণ হারায়। ধ্বংসস্তুপের নিচের পড়ে গুরুতরভাবে আহত ও পঙ্গু হন অনেকেই।

বার্নিকাট বলেন, ‍“‘দেওয়ালে ফাটল রয়েছে এমন কোনো ভবনে আমরা কাজ করব না’-এই কথাটি বলার মতো শ্রমিকদের দৃঢ় ও জোরালো কণ্ঠস্বর থাকা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।”

এক্ষেত্রে শ্রমিক অধিকার উন্নয়নে বিভিন্ন কর্মসূচিতে সহায়তা এবং তাদের মতামতকে জোরালে করতে সরকারসহ এ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে যুক্ত করায় যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়ার প্রসঙ্গও টানেন তিনি।

কর্মক্ষেত্রে দুর্ঘটনা পুরোপুরিভাবে দূর করা না গেলেও কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত বার্নিকাট।

কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয়ক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি দেশকে তাদের নিজস্ব উপায় খুঁজে বের করা প্রয়োজন বলে মন্তব্য করে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা চালিয়ে যাবে বলে জানান ঢাকায় দেশটির রাষ্ট্রদূত।