২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছরেই বাসা পাবে সব কর্মকর্তা-কর্মচারী: পরিকল্পনামন্ত্রী

২০১৯ সালের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর আবাসন সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 08:57 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

শনিবার ঢাকা ক্লাবে সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন ) আয়োজিত জাতীয় ‘অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের সব মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ২০১৯ সালের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা শতভাগ নিশ্চিত করবে সরকার।

আবাসন খাতের উন্নয়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক ও এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের যৌথ উদ্যোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে মুস্তফা কামাল বলেন, “এই খাতের উন্নয়নে প্রাতিষ্ঠানিক সেবার গুণগত মান বাড়ানোর বিকল্প নেই।”

সিসিএন-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ ও রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম বক্তব্য রাখেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক।

দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আবাসন খাতের ভূমিকা অপরিহার্য মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, আবাসন খাতের উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

শিল্প বিকাশ ও কর্মসংস্থানে আবাসন খাতের অবদান তুলে ধরে তিনি বলেন, মালয়েশিয়া ও ভারতসহ বেশ কিছু দেশে জাতীয় প্রবৃদ্ধিতে আবাসন খাত বিশেষ অবদান রাখছে। ইকুইটি মার্কেট থেকে ভারতে আবাসন খাতের বিনিয়োগকারীরা প্রায় দুই বিলিয়ন ডলার পুঁজি সংগ্রহ করেছে।

“বাংলাদেশেও আবাসন খাতের বিকাশে বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে।”

আবাসন খাতের বিকাশে ‘সমন্বিত প্রচেষ্টা গ্রহণ অপরিহার্য’ হয়ে পড়েছে মন্তব্য করে মুস্তফা কামাল বলেন, প্রতিনিয়ত নীতিমালা পরিবর্তন না করে দীর্ঘমেয়াদী নীতিমালা এ খাতের বিকাশে সুফল বয়ে আনবে।

আবাসন খাতের বিনিয়োগকারীদের কারও কারও কারণে পুরো সেক্টরের সুনাম যাতে নষ্ট না হয় সেজন্য সংশ্লিষ্টদের মনোযোগী হওয়ার পরামর্শও দেন পরিকল্পনামন্ত্রী।