নবজাতক বিক্রির চেষ্টা: ক্লিনিক মালিকের কারাদণ্ড
নবজাতক বিক্রির অভিযোগে আটক রাজধানীর সবুজবাগের ‘তালুকদার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের’ মালিক আনোয়ারা আক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ১টার দিকে আনোয়ারা এবং ক্লিনিকের আরও তিন কর্মচারীকে আটক করে র্যাবের একটি দল।
সে সময় ওই নবজাতককেও উদ্ধার করা হয় বলে র্যাব-৩ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোস্তাক আহমেদ জানান।
আটক তিন কর্মচারী ক্লিনিক মালিকের নির্দেশে এ কাজে জড়িয়েছিল বলে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের পর র্যাব কর্মকর্তা মোস্তাক জানিয়েছিলেন, নিঃসন্তান এক দম্পত্তি শিশুটিকে ৫০ হাজার টাকায় কিনতে হাসপাতালে যোগাযোগ করেছিল। পাশাপাশি তারা র্যাবকেও বিষয়টি জানিয়েছিল।
এরপর ওই ক্লিনিকে অভিযান চালিয়ে চারজনকে আটক ও নবজাতকটিকে উদ্ধার করা হয়।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, “আহমদ আলী ও সাবিনা বেগম নামের এক দিনমজুর দম্পতির কাছ থেকে শিশুটিকে ‘কৌশলে’ বুঝে নিয়ে আনোয়ারা ওই নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতে চেয়েছিলেন।”
গত ২০ এপ্রিল সাবিনা একটি কন্যা শিশু প্রসব করেছিলেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার।
তিনি বলেন, “সে সময় চিকিৎসকরা ওই দম্পতিকে বলেছিল, তারা সন্তানকে বাঁচাতে পারবে না। সন্তান প্রসবের আগেই নবজাতকটির বাবা আহমদ আলীর কাছ থেকে একটি মুচলেকা নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
“মৃত সন্তান হবে- এটা জেনে মায়ের গর্ভে থাকা সাত মাস বয়সী সন্তানকে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ করাতে বলেছেন, এমন লেখা ছিল মুচলেকায়।”
দণ্ডপ্রাপ্ত আনোয়ারা একসময় ওই ক্লিনিকে নার্স হিসেবে কাজ করতেন। গত মাসে আহমেদ কবির তালুকদারের কাছ থেকে তিনি ক্লিনিকটি কিনে নেন।
সারোয়ার আলম বলেন, “আনোয়ারা ওই নিঃসন্তান দম্পতিকে এমনও বলেছিলেন, ওই কন্যা সন্তান না পেলে তাদের আরেকটি শিশু ‘ম্যানেজ’ করে দেবেন। এতেই বোঝা যায় আনোয়ারা শিশু বেচাকেনায় জড়িত।”
আদালত সবকিছু বিবেচনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেয় ও তার নির্দেশ কর্মচারীরা কেবল পালন করেছে বলে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
