২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ওয়াশিং কারখানায় অগ্নিকাণ্ড, ৫ শ্রমিক অসুস্থ

রাজধানীর কাফরুলের একটি ওয়াশিং কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে; আর তা নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কারখানার পাঁচ শ্রমিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

শনিবার দুপুরে ইউএস ক্লিনিং নামের ওই ওয়াশিং কারখানায় লাগা আগুন শ্রমিকরাই নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ওই পাঁচ শ্রমিক বেলা দেড়টার দিকে ‘প্রচণ্ড শ্বাসকষ্ট’ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

এরা হলেন- মোবারক হোসেন (৩৫), জুয়েল মিয়া (২৩), শাহজাহান (২৪), জুয়েল (২২) এবং মো. রুকন (২২)।

কারখানার ম্যানেজার শাহিন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে কারখানায় আগুন লাগলে সবাই মিলে তা নেভানোর চেষ্টা করি। এসময় পাঁচজন শ্রমিকের শ্বাসকষ্ট দেখা দেয়।

“আমরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কারখানাটিতে আগুন লাগতে পারে জানিয়ে শাহিন বলেন, “পাঁচ মিটিনটেই আগুন নিভে যায়। তাই পুলিশ বা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি।”