সংসদ বসছে রোববার
সংসদের দশম অধিবেশন বসছে রোববার। বাজেট অধিবেশনের আগে শুরু হতে যাওয়া এই অধিবেশন হতে পারে সংক্ষিপ্ত।
বিকাল ৫টায় অধিবেশন শুরুর আগে বিকাল ৪টায় অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে সংসদের কার্য উপদেষ্টা কমিটি।
ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেবেন।
গত ৩০ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
গত ২৯ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের নবম অধিবেশন। ওই অধিবেশন শুরু হয় ২০ জানুয়ারি। বছরের প্রথম ওই অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি।
সংবিধানের বিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
সাংবিধানিক বাধ্যবাধ্যকতার কারণে বসতে যাওয়া এ অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, “সংবিধানের বাধ্যবাধকতা মানতেই এই অধিবেশন। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।”
এদিকে শুরু হতে যাওয়া অধিবেশনে উত্থাপনের জন্য বৃস্পতিবার পর্যন্ত চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। বিলগুলো হলো- ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল-২০১২৬’, ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬’, ‘পাট বিল-২০১৬’, ‘চা বিল- ২০১৬’।
এর বাইরে গত নবম অধিবেশন পর্যন্ত আসা ২৫টি বিল কমিটিতে এবং পাসের অপেক্ষায় রয়েছে।
এদিকে রোববার দুপুর ২টায় দেশের ‘চলমান’ বিষয়ের ওপর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংবাদ সম্মেলন করবেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
