২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বিষয়ক জাতিসংঘ প্যানেলের যাত্রা শুরু

পানি বিষয়ক বিশ্বের ১০ রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে গঠিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্যানেলের যাত্রা শুরু হয়েছে, যার উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 09:42 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

ররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দ্প্তরে মহাসচিব বান-কি মুনের উপস্থিতিতে এ প্যানেলের উদ্বোধন হয়।

এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বৃহস্পতিবার ১০ রাষ্ট্র ও সরকার প্রধানের এই প্যানেল ঘোষণা করেন। সেখানে দুজন বিশেষ পরামর্শকও রাখা হয়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ৬ অর্জনে ‘কার্যকর পদক্ষেপ’র জন্য এই প্যানেল করা হয়েছে। এসডিজি ৬ এ সবার পানি ও স্যানিটেশন সুবিধা প্রাপ্তি এবং এর টেকসই ব্যবস্থাপনার ওপর আলোকপাত করা হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও মৌরিশাসের প্রেসিডেন্ট আমেনাহ গারিব, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেয়ে নিয়েতো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়ানোস আদের, জর্ডানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসুর, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমামালি রাহমান এই প্যানেলে আছেন।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সুং সু এবং পেরুর পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী মানুয়েল পুলগার-ভিদালকে বিশেষ পরামর্শক করা হয়েছে। 

গুরুত্বপূর্ণ এই প্যানেলের উদ্বোধনীতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিত্ব করেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ভালো নীতি ও প্রতিষ্ঠানের বিষয়ে রূপরেখা উন্নয়ন করতে সিদ্ধান্ত হয়েছে।

পানি বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন ও অর্থায়নের জন্য পরামর্শ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

প্যানেলের উদ্বোধনী বৈঠকে নিরাপদ পানির প্রাপ্যতার নিরিখে বাংলাদেশের মতো চ্যালেঞ্জের মুখোমুখি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তুলে ধরেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পানির নিরাপত্তা প্রশ্নে ‘ভারসাম্যপূর্ণ মনোভাবের’ প্রয়োজনীয়তার ওপরও জোর দেন মন্ত্রী।

বর্তমানে বিশ্বে ২৪০ কোটি মানুষ উন্নত স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে এবং অন্তত ৬৬ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ পানি পাচ্ছে না।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মানসম্মত স্যানিটেশন, পানি ও বিশুদ্ধতার অভাবে প্রতি বছর প্রায় পৌনে সাত লাখ মানুষের প্রাণহানি এবং অনেক দেশের জিডিপির প্রায় ৭ শতাংশ ক্ষতি হচ্ছে।

পুরনো খবর:

বান কি-মুনের ফোন, জাতিসংঘ প্যানেলে শেখ হাসিনা