শর্ত পূরণের পরেও জিএসপি না পাওয়ায় প্রশ্ন স্পিকারের
সব শর্ত পূরণের পরেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে না পাওয়ায় প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “রানা প্লাজার ঘটনার পরে যা যা বলা হয়েছিল, সব শর্তপূরণ করা হয়েছে। আমরা অবাক হচ্ছি জিএসপি সুবিধা আমরা এখনও ফেরত পাইনি।”
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) এক অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন।
স্পিকার এসময় অ্যামচ্যামকে জিএসপি সুবিধা ফেরত পেতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) এর আবেদনে ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করা হয়।
তার আগে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি) আওতায় বাংলাদেশ পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারত।
২০১২ সালে বাংলাদেশের ব্যবসায়ীরা এই সুবিধার আওতায় তিন কোটি ৪৭ লাখ ডলারের তামাক, ক্রীড়া সরঞ্জাম, চিনামাটির তৈজসপত্র ও প্ল্যাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করেন, যাতে তারা শুল্ক ছাড় পান ২০ লাখ ডলারের মতো।
অবশ্য বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ‘তৈরি পোশাক’ ওই রেয়াত পেত না।
বাংলাদেশের জিএসপি স্থগিত হওয়ার মাসখানেকের মাথায় যুক্তরাষ্ট্রের ট্রেড প্রেফারেন্স এক্সটেনশন আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের জিএসপি ব্যবস্থাই স্থগিত হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস জিএসপি প্রোগ্রাম নবায়নের প্রস্তাব অনেুমোদন করে এবং প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের ২৯ জুন এ সংক্রান্ত আইনে সই করেন।
অথচ জিএসপি সুবিধা ফিরে পেতে দুই বছর আগে যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত দিয়েছিল, তার প্রায় সবগুলোই বাংলাদেশ পূরণ করেছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। শর্ত পূরণের অগ্রগতি জানিয়ে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে প্রতিবেদনও পাঠিয়েছে বাংলাদেশ।
অবশ্য তার আগে যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে, শর্ত পূরণে বাংলাদেশ ‘কিছু অগ্রগতি’ দেখালেও তা জিএসপি ফিরে পাওয়ার জন্য ‘যথেষ্ট নয়’।
গণতন্ত্র, অর্থনীতি ও বাণিজ্য শীর্ষক ওই আলোচনা সভায় স্পিকার বলেন, “আমাদের রাজনীতি ও নীতিনির্ধারণী মহলে বৈষম্য সৃষ্টির যে সমস্ত প্রথাগত কাঠামো রয়েছে সেগুলোর মূলোৎপাটন করতে হবে। একটি দেশ দ্রুত গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও তা সমাজের সকল স্তরের মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।”
শিরীন শারমিন বলেন, “সমাজের কোনো কোনো মানুষের প্রতিভা থাকলেও যথাযথ পরিচর্যা ও সুযোগ সৃষ্টির অভাবে সে প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায় না। সমাজের কেউ কেউ অধিকতর সুযোগ সুবিধা পেলেও অন্যরা বঞ্চিত হয়।”
তিনি দেশের নীতি নির্ধারকদেরকে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে এ বিষয়ে আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান।
বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিদ্যমান বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী ।কিন্তু তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মজুরি, সম্পদের অধিকার ইত্যাদি সব ক্ষেত্রে বৈষম্যের শিকার। আমাদেরকে এ বাধা দূর করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে সব পর্যায়ে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে।
“আমাদের তৈরি পোষাক শিল্পসহ প্রতিটি কর্মক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে।বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মমুখী পদক্ষেপ গ্রহণ করায় শিক্ষাসহ সব ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সরকারের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং এর মাধ্যমে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর দুঃখ দূর্দশা লাঘব হচ্ছে।”
স্পিকার আরও বলেন, “গণতন্ত্রের মূল লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার তাৎপর্যপূর্ণ পরিবর্তন সাধন। আর এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বায়নের এ যুগে এককভাবে কোনো দেশের পক্ষে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়।”
বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে উল্লেখ করে শিরীন শারমিন বাংলাদেশের আইসিটি সেক্টরে বিনিয়োগ করতে ও তৈরি পোষাক শিল্পের জন্য জিএসপি সুবিধা আদায়ে কাজ করার জন্য অ্যামচ্যামের প্রতিনিধিদের আহ্বান জানান।
অনুষ্ঠানে অ্যামচ্যামের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ঢাকায় মার্কিন দূতাবাসের শার্জ দ্যা অ্যাফেয়ার্স ডেভিড মিলে বক্তব্য রাখেন।
