রোববার জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব
আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর চূড়ান্ত পর্ব।
আগামী রোববার এই চূড়ান্ত পর্বে আঞ্চলিক পর্যায়ের কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৯৬৮ জন এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী ৩১৩ জন শিক্ষার্থী অংশ নেবে।
বৃহস্পতিবার আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন সকালে প্রোগ্রামিং প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে রয়েছে আইসিটি ডিভিশন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “সারা দেশে তথ্য-প্রযুক্তি বিভাগ থেকে স্কুল পর্যায় আইসিটি ক্লাব তৈরি করা হবে। বাংলাদেশের নতুন প্রজন্মের হাত ধরে রচিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মহাকাব্য।”
আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, আইসিটি বিভাগ থেকে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির আলো পৌঁছে দিতেই এ আয়োজন। শিক্ষার্থীদের কাছে প্রযুক্তির আলো পৌছে দিতে পারলেই দেশ আলোকিত হবে।”
পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেডের কমিউনিকেশন্স অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির বলেন, “রবি সবসময় গঠনমূলক ও কার্যকর পদক্ষেপের সঙ্গে থাকার চেষ্টা করে। জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা সেই ধারাবাহিকতারই অংশ।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওপেন র্সোস নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসানও বক্তব্য রাখেন।
