২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ধাপের ৬২০ ইউপিতে প্রচারণা শেষ বৃহস্পতিবার

ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপের ৬২০ ইউপিতে ভোটের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 12:11 AM

Updated : 20 Aug 2022, 12:30 PM

ইতোমধ্যে সংশ্লিষ্ট ৪৮ জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পৌঁছেছে। ভোটের আগের দিন নিরাপত্তা প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এসব সামগ্রী।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম জানান, বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচনী এলাকায় মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সঙ্গে থাকবে নির্বাহী ও বিচারিক হাকিম।

বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হবে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীদের সবধরনের প্রচার-প্রচারণা। নির্বাচনী এলাকায় বুধবার মধ্যরাত থেকেই মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

২৩ এপ্রিল সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। এসব এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

ইসি সচিবালয়ের উপ-সচিব রকিব উদ্দিন মণ্ডল জানান, তৃতীয় ধাপের ৪৮ জেলার ৬২০টি ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রায় চার কোটি ব্যালট পেপারসহ মালামাল জেলা নির্বাচন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপে আওয়ামী লীগের ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ধাপে আওয়ামী লীগের ৬২০ জন, বিএনপি ৫৩৯ জন, জাতীয় পার্টি ১৬৭,  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ২৬ জনসহ দলীয় প্রার্থী রয়েছেন এক হাজার ৪৮৭ জন । এছাড়া স্বতন্ত্র হিসেবে রয়েছেন এক হাজার ১৮৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, ৫ম ধাপে ২৮ মে ও ৬ষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

পঞ্চম পর্বের তফসিল বৃহস্পতিবার

পঞ্চম ধাপে সারাদেশের প্রায় ৭১৪টি ইউপিতে ভোট হবে ২৮শে মে। বৃহস্পতিবার এ ধাপের তফসিল ঘোষণা করবে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২ মে; ৪ ও ৫ই মে মনোনয়নপত্র যাচাই-বাছাই।

এছাড়া আগামী ৬ ও ৮ই মে আপিল দাখিল। আপিল নিষ্পত্তি হবে আগামী ৯ থেকে ১১ই মের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ই মে।

পুরনো খবর:

বিনা লড়াইয়ে নৌকায় পার আরও ২৫ জন
গোপালগঞ্জের কাশিয়ানীর ওসি প্রত্যাহার
আরও ৩৩ জন ভোটের আগে নৌকায় ‘পার’
ইউপি ভোট ঝামেলাপূর্ণ: সিইসি