গোপালগঞ্জের কাশিয়ানীর ওসি প্রত্যাহার
ভোটে পক্ষপাতের অভিযোগ আসায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোটকে সামনে রেখে পক্ষপাতিত্বের অভিযোগে কাশিয়ানীর ওসিকে প্রত্যাহারের জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে।
আগামী ২৩ এপ্রিল কাশিয়ানীতে ভোট হবে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খোকন ইতোমধ্যে ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে ইসিতে অভিযোগ এনেছেন।
কার্যকর ভূমিকা নেওয়ার দাবি বিএনপির
ইউপি নির্বাচনের পরবর্তী ধাপগুলোয় কার্যকর ভূমিকা নিতে সিইসিকে অনুরোধ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার বিকালে সিইসির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেন, “যুগ্ম মহাসচিব হিসাবে বিএনপির পক্ষ থেকেই দাবি জানাতে এসেছি। বিগত ইউপি নির্বাচগুলো সুষ্ঠু হয়নি, তাই সামনের নির্বাচনগুলোতে কার্যকর ভূমিকা রাখতে সিইসিকে বলেছি।”
বিএনপির এ নেতা নোয়াখালীর চাটখিলের ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবির ব্যাপক টহলেরও দাবি জানান।
