২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীবর্দীর মেয়র সাইদকে বরখাস্তের নির্দেশ ইসির

শেরপুরের শ্রীবর্দী পৌরসভার মেয়র আবু সাইদকে বরখাস্ত ও তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:04 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেওয়ার কারণে বুধবার তার বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান নির্বাচন কমিশনার আবু হাফিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শ্রীবর্দীর পৌর মেয়রকে বরখাস্তের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ও তার বিরুদ্ধে মামলার জন্য ওসিকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

শিগগির এ বিষয়ে ব্যবস্থা নিতে ইসি সচিবালয় চিঠি পাঠাবে বলে জানান কমিশনার হাফিজ।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, ইসির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিতে বুধবারই সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হবে।

গত ৩১ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন হয়। নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায় পৌরমেয়র আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবু সাইদের বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনকে তিনি পরে হুমকি দেন বলেও জেলা প্রশাসনের কাছে অভিযোগ আসে।

জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, “হুমকির কারণে ওই কর্মকর্তাকে আমরা বদলি করে দিয়েছি। ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে ইসিতে। সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে ইসির।”

তিনি জানান, নির্বাচন কমিশনার হাফিজ সম্প্রতি শেরপুর গেলে তাকেও বিষয়টি জানানো হয়।

পুরনো খবর:

আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে বসছে ইসি