২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবম ওয়েজবোর্ডের দাবিতে নৌমন্ত্রীর সমর্থন

সরকারি চাকুরেদের বেতন বাড়ানোর প্রেক্ষাপটে সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিকে যৌক্তিক বলছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 08:42 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের এই দাবির প্রতি সমর্থন দিয়ে বলেন, “এই দাবির (নবম ওয়েজবোর্ড) সাথে আমরাও আছি।

“এই সরকার ৮ম দিয়েছে, আমরা নবম ওয়েজবোর্ডও দেওয়ার চেষ্টা করব।”

গতবছর সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি চাকুরেদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার।

এর সঙ্গে সঙ্গতি রেখে সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও নতুন কাঠামোতে বেতন দেওয়ার ঘোষণা এসেছে।

এরপর থেকেই সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সরকারি বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে নবম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ ২০১২ সালে সংবাদপত্রের কর্মীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছিল সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড। পরের বছর অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়।

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শাজাহান খান আরও বলেন, “ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা মুসলমান নয়।

“কথায় কথায় ধর্মকে ব্যাবহার করে মানুষ হত্যা করা হচ্ছে। ধর্মের নাম ব্যাবহার করে যারা মানুষ হত্যা করে, আগুনে পুড়িয়ে মারে, যে সকল ছাত্ররা ধর্মের নাম ব্যবহার করে মানুষ মারে, তারা মুসলমান না।”

বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ হত্যার দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, “২০১৪-১৫ সালে বেগম জিয়া শত শত মানুষ হত্যা করেছেন। মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যার দায়ে যেমন বিচার হচ্ছে, তেমনিভাবে শত শত মানুষ হত্যার দায়ে খালেদা জিয়ারও বিচার করা হবে।”

সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার প্রসঙ্গ তুলে শাজাহান বলেন, “সাংবাদিক শফিক রেহমান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টার ষড়যন্ত্র করেছিল, এটা প্রমাণিত। একইভাবে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান পত্রিকায়  মিথ্যা তথ্য প্রচার ও উস্কানিমূলক বক্তব্য তুলে ধরে জাতিকে বিভ্রান্ত করেছিল।”

অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাব এডিটর্স কাউন্সিলের দপ্তর সম্পাদক কাউসার খোকনকে সংবর্ধনা দেওয়া হয়।

জহিরুল আলম পিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সানজিদা খানম, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক চৌধুরী।