২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতল ট্রেন চালুর সুপারিশ

গাজীপুর থেকে নারায়ণগঞ্জ রুটে দ্বিতল ট্রেন চালানোর সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 06:48 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ ‍সুপারিশ করা হয় বলে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী জানান।

তিনি বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতল ট্রেন পরিচালনার কিছু কারিগরি সমস্যা রয়েছে। এটা চালু করতে গেলে লাইন নতুন করে করতে হবে। ওভারব্রিজ, আন্ডারপাসগুলো নতুন করে করতে হবে।

“দ্বিতল ট্রেন সার্ভিস চালানো যায় কি না, তার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি গাজীপুর থেকে নারায়ণগঞ্জ রুটে পরীক্ষা করার জন্য বলা হয়েছে।”

প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতল রেল সার্ভিস চালু রয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ভারতের রেলওয়ে বিশ্ববিদ্যালয়ের আদলে বাংলাদেশে একটি স্বতন্ত্র রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশও করা হয়।

এছাড়া ভারতগামী মৈত্রী এক্সপ্রেসের ‘ইমিগ্রেশন চেকিং’ সহজ করতে শুধু ঢাকা ও কলকাতায় তা করার সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য রেলপথমন্ত্রী মুজিবুল হক, মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা রানী অংশ নেন।