২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিশুর লাশ উদ্ধার, মায়েদের সন্দেহ

ঢাকা ও চট্টগ্রাম থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, যাদেরকে পারিবারিক কলহের জের ধরে তাদের মায়েরা হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 11:53 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

এর মধ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধারের সময় তার মা শেলী শীল (৩৫) এর লাশও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যিনি মেয়েকে হত্যার পর ‌‘আত্মহত্যা’ করেন বলে মনে করা হচ্ছে।

আর ঢাকার উত্তরখানে দেড় বছর বয়সী শিশুকে নেহাল সাদিককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর গলায় ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার মা মুক্তি বেগম। মুক্তি আত্মহত্যার চেষ্টা করেছিল বলে সন্দেহ পুলিশের।

মুক্তির স্বামী মো. সামাদ উত্তরায় একটি দোকানে বিক্রয়কর্মীর কাজ করেন। তাদের বাসা উত্তরখানের মাস্টার পাড়া এলাকায়।

উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বলেন, সোমবার রাত ১২টার দিকে সামাদ থানায় খবর দেন।

“তিনি বলেন, অফিস থেকে বাসায় ফিরে স্ত্রী ও ছেলেকে তিনি বিছানায় রক্তাক্ত অবস্থায় পেয়েছেন। নেহালের পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মুক্তির গলায় কাটা জখম রয়েছে।”

পরে পুলিশ ওই বাসায় গিয়ে নেহালের লাশ উদ্ধার করে এবং মুক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সে সময় মুক্তির চেতনা ছিল বলে জানান ওসি।     

তিনি বলেন, “সব কিছু দেখে মনে হচ্ছে, মুক্তি পারিবারিক কলহের জের ধরে নিজের সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে ওই অস্ত্রটি সেখানে পাওয়া যায়নি।”

শিশুটির বাবা এ ঘটনায় জড়িত কি না- এমন প্রশ্নে ওসি বলেন, “প্রাথমিক তদন্তে তা মনে হচ্ছে না। তবে আমরা সব বিষয় খতিয়ে দেখছি।”

এদিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী শীল পাড়া থেকে মঙ্গলবার সকালে শেলী শীল ও মেয়ে অন্তরা শীলের লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন।

লাশ উদ্ধারের পর থেকে শেলী শীলের স্বামী অসীম শীল স্ত্রী পলাতক আছেন।

পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওই দম্পতির আটমাস বয়সী আরও একটি সন্তান রয়েছে বলে জানান ওসি।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সোমবার স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর শেলী একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখেন।

রাতে কেউ তাকে না ডাকলেও সকালে আট মাসের বাচ্চার কান্না শুনে শাশুড়ি সবিতা শীল ঘরের দরজা খুলে শেলীকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় অন্তরার লাশ পান।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, “অসীম শীল চট্টগ্রাম আদালতে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। ভোরে তিনি বাড়ি থেকে কাজে চলে যান।"

স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের পুলিশ অসীমের সাথে যোগাযোগ করেছিল জানালেও বিকালে ওসি সালাউদ্দিন বলেন, “ঘটনার পর থেকে অসীম পলাতক আছে।”

শেলীর মামা বিধান শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত বছর আগে শেলী-অসীমের বিয়ে হয়।

বিয়ের পর থেকে অসীম যৌতুকের দাবিতে শেলীকে মারধর করত অভিযোগ করে তিনি বলেন, “আমরা বিভিন্ন সময়ে তাকে টাকাও দিয়েছি। গতবছরের মাঝামাঝি অসীম শেলীকে মারধর করেছিল, তখন আমরা তাকে বাড়ি নিয়ে এসেছিলাম।”

মারধরে শেলীর হাত ভেঙে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলেও জানান তিনি।

আর কখনও মারধর করবে না এমন শর্তে অসীম শেলীকে নিয়ে যায় দাবি করে বিধান আরও বলেন, “তারপরও শেলীকে মারধর করেছিল আসীম। এ নিয়ে আগামী শুক্রবার অসীমের সঙ্গে শেলীর বাবার বাড়ির লোকজন বৈঠকে বসারও কথা ছিল।”

“শেলীর মৃত্যুর পর অসীমকে ফোন করলে সে বাড়ি যাচ্ছে জানিয়ে আমাকেও যেতে বলে,” বলেন বিধান।

ওসি সালাউদ্দিন জানান, নিহতের পরিবার যেভাবে অভিযোগ করবে সেভাবে মামলা নেওয়া হবে।

“তবে অন্তরা ও শেলীর কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।”

পুরনো খবর:

বোয়ালখালীর বাড়িতে মা-মেয়ের লাশ
উত্তরখানে শিশু খুন, পুলিশের সন্দেহ মাকে