২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীর বাড়িতে মা-মেয়ের লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 01:48 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ সারোয়াতলী শীল পাড়া থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে বলে জানান বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন।

উদ্ধার করা লাশ দুটি ওই এলাকার বাসিন্দা অসীম শীলের স্ত্রী শেলী শীল (৩৫) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের। ঘটনার পর থেকে অসীম পলাতক আছেন।

পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ওই দম্পতির আটমাস বয়সী আরও একটি সন্তান রয়েছে বলে জানান ওসি।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সোমবার স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর শেলী একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখেন।

রাতে কেউ তাকে না ডাকলেও সকালে আট মাসের বাচ্চার কান্না শুনে শাশুড়ি সবিতা শীল ঘরের দরজা খুলে শেলীকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় অন্তরার লাশ পান।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, “অসীম শীল চট্টগ্রাম আদালতে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। ভোরে তিনি বাড়ি থেকে কাজে চলে যান।"

স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের পুলিশ অসীমের সাথে যোগাযোগ করেছিল জানালেও বিকালে ওসি সালাউদ্দিন বলেন, “ঘটনার পর থেকে অসীম পলাতক আছে।”

শেলীর মামা বিধান শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত বছর আগে শেলী-অসীমের বিয়ে হয়।

বিয়ের পর থেকে অসীম যৌতুকের দাবিতে শেলীকে মারধর করত অভিযোগ করে তিনি বলেন, “আমরা বিভিন্ন সময়ে তাকে টাকাও দিয়েছি। গতবছরের মাঝামাঝি অসীম শেলীকে মারধর করেছিল, তখন আমরা তাকে বাড়ি নিয়ে এসেছিলাম।”

মারধরে শেলীর হাত ভেঙ্গে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলেও জানান তিনি।

আর কখনও মারধর করবে না এমন শর্তে অষীম শেলীকে নিয়ে যায় দাবি করে বিধান আরও বলেন, “তারপরও শেলীকে মারধর করেছিল আসীম। এ নিয়ে আগামী শুক্রবার অসীমের সঙ্গে শেলীর বাবার বাড়ির লোকজন বৈঠকে বসারও কথা ছিল।”

“শেলীর মৃত্যুর পর অসীমকে ফোন করলে সে বাড়ি যাচ্ছে জানিয়ে আমাকেও যেতে বলে,” বলেন বিধান।

ওসি সালাউদ্দিন জানান, নিহতের পরিবার যেভাবে অভিযোগ করবে সেভাবে মামলা নেওয়া হবে।

“তবে অন্তরা ও শেলীর কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।”