২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বৃত্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 02:31 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

এতোদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হলেও এবার ৮২ হাজার ৫০০ জন প্রাথমিক বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন।

তিনি বলেন, ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, মেধার স্বীকৃতি ও সুষম মেধা বিকাশের লক্ষ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।

“এর ফলে সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষার মান বৃদ্ধি পায়।”

ফিজার জানান, এতদিন ২২ হাজার ট্যালেন্টপুল এবং ৩৩ হাজার সাধারণ বৃত্তি দেওয়া হলেও বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা ২৭ হাজার ৫০০টি বাড়ানো হয়েছে।

পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণ বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ২০০ টাকা করে দেওয়া হলেও এবার থেকে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেওয়া হবে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পায়।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হতো। ২০১০ সালে সমাপনী পরীক্ষা চালুর পর তার ফলের ভিত্তিতেই উপজেলাভিত্তিক এ বৃত্তি দেওয়া হচ্ছে।

বৃত্তিতে শিক্ষার্থীর সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়াতে নীতিমালাও সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর যে ফল প্রকাশিত হয়, তাতে উত্তীর্ণ হয়েছে ৯৮ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী। আর দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন জিপিএ-৫ পেয়েছে।

 

বৃত্তির  জন্য মনোনীতদের তালিকা