‘আম’ চেয়ে ইসিতে নিলু
নির্বাচনী প্রতীক ‘আম’ নিয়ে দুই পক্ষের বিরোধের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র শেখ শওকত হোসেন নিলু নেতৃত্বাধীন অংশের শুনানি করেছে নির্বাচন কমিশন।
সোমবার সকালে এ পক্ষের চেয়ারম্যান-মহাসচিবসহ পাঁচ জন ইসির সামনে তাদের বক্তব্য তুলে ধরেন।
শুনানিতে ‘আম’ প্রতীক নিজেদের দাবি করে দলটির নিবন্ধন ও প্রতীক তাদের পক্ষে দেওয়ার দাবি জানান নিলু।
এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
বিকালে ফরিদুজ্জামান ফরহাদ নেতৃত্বাধীন এনপিপি’র আরেক অংশের শুনানির সময় নির্ধারিত ছিল।
অবশ্য এ অংশের মহাসচিব মোস্তাফিজুর রহমান অসুস্থ থাকায় শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জমা পড়েছে ইসিতে।
ইসির প্রশাসনিক কর্মকর্তা রোমান মাহবুব চৌধুরী বলেন, “পুনঃ তারিখ নির্ধারণ সংক্রান্ত ইসির সিদ্ধান্ত এলে সংশ্লিষ্টদের আবার ডাকা হবে এবং তাদের কাছে চিঠি পাঠানো হবে।”
দুই পক্ষের শুনানি পেয়েই আম প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান তিনি।
সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতীক মশাল নিয়েও দুই পক্ষের শুনানি হয়েছে। এতে হাসানুল হক ইনু নেতৃত্বাধীন অংশ জাসদের মূল ধারা হিসেবে মশাল প্রতীক পায়।
