আম নিয়ে ইসিতে শুনানি ১৮ এপ্রিল
ন্যাশনাল পিপল্স পার্টি-এনপিপি’র নেতৃত্ব নিয়ে বিরোধের মধ্যে দুই পক্ষকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন।
দলটির নিবন্ধন ও আম প্রতীক নিয়ে শেখ শওকত হোসেন নিলু ও ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে দুটি কমিটি হয়েছে। এ নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্যে ইসির কাছে দলিলাদি জমা দিয়েছে উভয় অংশের নেতারা।
ইসির সহকারী সচিব রৌশন আরা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষকে শুনানিতে ডাকা হয়েছে ১৮ এপ্রিল। তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।”
দুই পক্ষের সর্বোচ্চ ৫ জন করে শুনানিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
২০১৪ সালের ১৬ অগাস্ট চেয়ারম্যান নিলু বহিষ্কার করেন মহাসচিব ফরহাদকে; ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেন আব্দুল হাই মণ্ডলকে।
নিলুর এনপিপি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আলাদা মোর্চা করলেও ফরহাদের এনপিপি এখনও খালেদা জিয়ার সঙ্গেই রয়েছে।
নিলু ও ফরহাদের পাল্টাপাল্টি বহিষ্কার ও নতুন কমিটি ঘোষণার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কাছে ‘আম’ প্রতীকের দাবি নিয়ে আসে তারা।
