২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জায়গার অভাবে আটকে উন্নয়ন কাজ: আনিসুল

জায়গার অভাবে নগরীতে মানসম্মত পাবলিক টয়লেট, ময়লা ফেলার স্থল ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের মতো উন্নয়ন কাজ আটকে আছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 04:38 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

উপযুক্ত জায়গা খুঁজে পেতে নগরবাসী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহায়তা করার আহ্বান জানান তিনি।

সোমবার দুপুরে ২৪ নম্বর ওয়ার্ডে নবনির্মিত দুটি পাবলিক টয়লেট উদ্বোধন করতে এসে মেয়র বলেন, “আমরা ১০০টি টয়লেট করব বলে প্ল্যান করেছি। কিন্তু জায়গা পাওয়া যায় না, এটা সবচে বড় সমস্যা।”

সমাধানের জন্য ৮৬টি পেট্রোল পাম্পের মালিকদের আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ওনাদের সঙ্গে মিটিং করেছি, ওনাদের রিকোয়েস্ট করেছি, যে ওনাদের ভেতরে যে টয়লেটটি আছে সেটি যেন আমরা তৈরি (মানসম্মত) করে দিতে পারি।

“এখনো ওনারা সেভাবে সাড়া দেননি। হয়তো ভেবেছেন, আমরা ভুলে গেছি। আমরা মেয়র অফিস সেটা ভুলিনি। আমরা যেন সেটা তৈরি করে দিতে পারি সেজন্য সহায়তা চাই।”

যত্র তত্র ময়লা ফেলা ঠেকাতে পরিকল্পনা করেও উত্তর ঢাকায় ৭২টি ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না জানিয়ে নগরবাসীর সহযোগিতা চান তিনি।

“১০ থেকে ১৫টি জায়গার প্রয়োজন। আমাদের দেখিয়ে দেন কোথায় সরকারি জমি, খাসজমি দখলে আছে বা পড়ে আছে। আমরা সেখানে পাবলিক টয়লেট বা বর্জ্য স্টেশন নির্মাণ করব।”

তেজগাঁওয়ের রাস্তা থেকে ট্রাক স্ট্যান্ড সরাতে আলাদা টার্মিনাল নির্মাণের জন্য কাজও জায়গার অভাবে আটকে আছে বলে জানান ঢাকা উত্তরের মেয়র।

ওয়াটার এইডের সহায়তায় ইতোমধ্যে ঢাকা শহরে আধুনিক মানের ৪টি টয়লেট নির্মাণকাজ শেষ ও ১৪টির নির্মাণকাজ চলছে জানিয়ে তিনি বলেন, “এতো সুন্দর টয়লেট আমার-আপনার বাড়িতেও নাই। আমার মনে হয়, দেশ যারা চালান- প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাড়িতে এতো সুন্দর টয়লেট নাই।

“ঢাকা শহরে যেখানে জায়গা দেন, আমরা এই মানের টয়লেট করে দেব। কিন্তু মেনটেইন করতে হবে আপনাদেরকে। আপনাদের জায়গা, আপনার বাড়ি যে রকম এটাকেও আপনার বাড়ি মনে করবেন।”

বিভিন্ন স্থানে গাছ কাটা প্রসঙ্গে মেয়র বলেন, “বৃহত্তর স্বার্থে আমাদের কিছু কিছু সেক্রিফাইস আমাদের করতে হচ্ছে। একটি গাছের জায়গায় কমপক্ষে ৪টি গাছ লাগাব বলে আমরা প্ল্যান করেছি।

“৩ লাখ ২৫ হাজার গাছ আগামী ২ বছরের মধ্যে লাগানো হবে। সেই কাজ আমাদের শুরু হয়ে গেছে।”

পাঁচ মাস আগের পরিকল্পনা অনুযায়ী এর মধ্যে ঢাকায় নিরাপত্তার জন্য ৩০০টি সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়েছে জানিয়ে আনিসুল বলেন, দুই মাসের মধ্যে ৬০০ ক্যামেরা বসে যাবে।

“আর চার মাসের মধ্যে অর্ধেক ঢাকা সিসি ক্যামেরা মধ্যে চলে আসবে, ১২শ ক্যামেরা বসবে।”

অনুষ্ঠানে ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেলের বাংলা ও ইংরেজি মেশানো বক্তব্য সবার মনোযোগ কাড়ে।

ভাঙা বাংলায় তিনি বলেন, “এই ধরনের টয়লেট চারটি কারণে দরকার। জনস্বাস্থ্যের জন্য, লিঙ্গ সমতার জন্য, মহিলাদের নিরাপত্তার জন্য এবং শহরের সৌন্দর্য রক্ষার জন্য।”

এরপর তিনি ইংরেজিতে বলেন, “আধুনিক ও দৃষ্টিনন্দন এই টয়লেটগুলোতে পুরুষ ও নারীর জন্য আলাদা স্থান তৈরি করা হয়েছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা টয়লেট ব্যবহার করতে যাবে কি যাবে না, সেই আতঙ্কে না ভোগে।”

নগরীতে মানসম্মত টয়লেট বানানোর পরিকল্পনায় ওয়াটারএইড আরও সহায়তা প্রদানের আশ্বাস দেন রাষ্ট্রদূত।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, “গাবতলীতে একটি পাবলিক টয়লেট করার পর আমরা দেখেছি, চাইলে এটাকে টেকসই করা সম্ভব। আধুনিক এই টয়লেট ব্যবহারের জন্য মানুষকে কিছু অর্থ খরচ করতে হবে এবং সেটা ঠিক রাখার জন্য কাজ করতে হবে।

“আমরা আউট অব বক্স উন্নয়ন পরিকল্পনার আওতায় আনতে চাই। সমস্ত বস্তিবাসীকে আমরা বৈধ পানির লাইনের আওতায় আনার কাজও আমরা করছি।”

২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সফি উল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহ উল ইসলাম, ওয়াটার এইডের আঞ্চলিক প্রধান থেরেস মোহন ও বাংলাদেশ প্রতিনিধি খায়রুল ইসলাম, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন নাহার হেলেন বক্তব্য দেন।

বৈশ্বিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড এবং সুইডিশ কোম্পানি এইচ অ্যান্ড এম কনশাস ফাউন্ডেশনের সহায়তায় সিটি করপোরেশন এই টয়লেট দুটি নির্মাণ করেছে, ব্যবস্থাপনার দায়িত্ব ওয়ার্ড কাউন্সিলর অফিসের।

২৪ নম্বর ওয়ার্ডে পাবলিক টয়লেট দু’টির অবস্থান তেজগাঁও সাতরাস্তা টি অ্যান্ড টি গেট এবং হাজী মরণ আলী সড়কে।