পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইনে মন্ত্রিসভার সায়
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৮৪ সালের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট অধ্যাদেশ বাতিল করে ১৯৯৬ সালে আইন করা হয়েছিল।
“ওই আইন পরিপূর্ণ ছিল না। আগের আইনকে বাংলায় অনুবাদ করে কিছুটা যোগ-বিয়োগ করে ‘বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬’ মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।”
সচিব জানান, এই আইনের মাধ্যমেই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠান করা হয়েছে।
“পারমাণবিক কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়া ও পরিবেশ উপযোগী নতুন ফসলের জাত উদ্ভাবন করাই এ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান কাজ।”
নতুন আইনের খসড়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিচালনায় ১৪ সদস্যের একটি বোর্ডের কথা বলা হয়েছে, যার চেয়ারম্যান হবেন ইনস্টিটিউটের মহাপরিচালক নিজে।
ইনস্টিটিউটকে বছর শেষে সরকারের কাছে একটি প্রতিবেদন দিতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আইনের উদ্দেশ্য পূরণে প্রবিধানমালাও প্রণয়ন করা যাবে।
আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়ে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবারও মন্ত্রিসভায় উপস্থাপন করতে হবে। চূড়ান্ত অনুমোদন পেলে তা পাসের জন্য সংসদে যাবে বলে শফিউল আলম জানান।
