২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিক রেহমানের মুক্তি দাবি সাংবাদিক নেতাদের

যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানের মুক্তির দাবি জানিয়েছেন একদল সাংবাদিক নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 10:37 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তারের পরদিন এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি গোলাম মহিউদ্দিন খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মহাসচিব সৈয়দ মেজবাহ উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল প্রমুখ।

অশীতিপর শফিক রেহমানের মুক্তি দাবি করে বিবৃতিতে বলা হয়, “যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা আমাদের কাছে অত্যন্ত অযৌক্তিক মনে হয়েছে।

“শফিক রেহমান তার লেখনীর মাধ্যমে গণতন্ত্র ও সুশাসনের জন্য লড়াই করেছেন। তার গ্রেপ্তার স্বাধীন মত প্রকাশের ওপর চরম আঘাত।”

সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তাকে সাংবাদিক হিসেবে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে বিএনপি দাবি করেছে, সরকারের বিরুদ্ধে লেখার কারণেই শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।